ফিলাডেলফিয়ায় ৭ ও ৮ জুলাই মুনার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) দুই দিনব্যাপী সম্মেলন ৭ ও ৮ জুলাই ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলন আয়োজনের লক্ষ্যে মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। উত্তর আমেরিকায় মুনার এই সম্মেলনই হবে প্রবাসী বাংলাভাষী মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ। 

এর আগের বছরগুলোতে আমেরিকার দূরের অঙ্গরাজ্যগুলো থেকে যারা একা বা সপরিবারে দিনব্যাপী সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কে ছুটে আসতেন তাঁদের যেমন কষ্ট করতে হতো, তেমনি আয়োজকদের বিভিন্ন কর্মসূচির বিন্যাস করতে ও সীমিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে ভীষণ তাড়াহুড়া করতে হতো। সবকিছুর মধ্যে পরিপূর্ণতার ঘাটতি থেকে যেত বলে আয়োজক, অংশগ্রহণকারী সবার মনে অতৃপ্তি থেকে যেতো। সবদিক বিবেচনা করে মুনার নেতৃত্ব এবারই প্রথম দুই দিনের জন্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী স্থান নির্বাচন ও প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করে। এ সিদ্ধান্ত মুনার সব পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং আশা করা হচ্ছে, ফিলাডেলফিয়া সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে আমেরিকার সব অঙ্গরাজ্য থেকে সব বয়সের প্রায় ১০ হাজার নারী পুরুষ এবং শিশু-কিশোর অংশ নেয়। ২০টি অঙ্গরাজ্য থেকে অংশগ্রহণকারীরা আসবেন বলে আশা করা হচ্ছে।
১৫ জানুয়ারি মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইনের নেতৃত্বে ৩৫ সদস্য একটি প্রতিনিধি দল ফিলাডেলফিয়া সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন। এতে সম্মেলন কমিটির আহ্বায়ক আবু আহমেদ নূরুজ্জামাসসহ কেন্দ্রীয়, জোনাল ও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন, জিয়াউল হক শামীম, মো. নাসির উদ্দিন, এম এম মাওলা সুজন, কাজী ইলিয়াস, মাওলানা ত্বোহা আমিন, মাহবুবুর রহমান, সাফায়েত হোসাইন সাফা, আমিনুর রসুল জামসেদ, ওবায়েদুল্লাহ, মোহাম্মদ সেলিম, রেজাউল করীম প্রমুখ। পরিদর্শন শেষে ন্যাশনাল প্রেসিডেন্ট সম্মেলন সুন্দর ও সার্থক করতে বাংলা ভাষাভাষী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।
আয়োজকেরা বলছেন, সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আমেরিকায় বসবাসরত অন্যান্য মুসলমান ও অন্যান্য দেশ আসা ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের পরিচয় হবে। এতে অংশগ্রহণকারীদের জ্ঞানভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। অংশগ্রহণকারী প্রত্যেকে তাঁদের মনে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সে বিষয়ে প্রশ্ন করে সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। এ ছাড়া উত্তর আমেরিকার নতুন প্রজন্মের মুসলিম তরুণ-তরুণীদের আকৃষ্ট করার লক্ষ্যে বিশিষ্ট উদীয়মান ইসলামি চিন্তাবিদ, তরুণ বক্তা সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে ইসলামের বিভিন্ন দিক, বিশেষত পাশ্চাত্যে ভিন্ন ধর্ম, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে মুসলিম হিসেবে নিজেদের স্বকীয়তা বজায় রেখে সত্য পথকে সমুন্নত করে সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
শিশুদের জন্যও সম্মেলনে থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও বিনোদনমূলক ব্যবস্থা। সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে থাকবে রকমারি সামগ্রীর বাজার, যেখানে পাওয়া যাবে নারী-পুরুষের পোশাক পরিচ্ছদ, অলংকার, হস্তশিল্প সামগ্রী, উপহার সামগ্রী ও খাবারের দোকান। এ ছাড়া শেষ দিনে থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক পর্ব। অংশগ্রহণকারীরা আগে থেকে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে সাংস্কৃতিক পর্বে অংশ নিয়ে নিজের মেধাকে তুলে ধরার সুযোগ নিতে পারবেন।
মুনা একটি অলাভজনক দাওয়াহভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে আমেরিকার নিউইয়র্ক নগরে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইতিমধ্যে আমেরিকার সবকয়টি অঙ্গরাজ্যে মুনার কার্যক্রম বিস্তৃত হয়েছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি আল্লাহ ও কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট।
মুনার জুলাইয়ে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে বা সম্মেলন সম্পর্কে জানতে আগ্রহীরা ই-মেইল অথবা সরাসরি ১০৩৩, গ্লেনমোর অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২০৮—এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন।