ফুটপাতের সওদাপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ফুটপাতে বাংলাদেশি পোশাক বিক্রেতা
নিউইয়র্কের ফুটপাতে বাংলাদেশি পোশাক বিক্রেতা

সপ্তাহের শুরু থেকে নিউইয়র্কের আবহাওয়া মোটামুটি ভালো। বেশ অনুকূল রয়েছে। রাস্তায় মানুষজনের বেশ ভিড়। এ সময় ঘুরে দেখা হল নিউইয়র্কের বেশ কিছু ফুটপাত। ফুটপাতের ভিড় আর ব্যস্ততা দেখে মনে হল যেন ঢাকার ফার্মগেট, গুলিস্তান, গাউছিয়া কিংবা নিউমার্কেটের পাশে চলছে কেনাবেচার ধুম। নিউইয়র্কে এশিয়ার বিশেষ করে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের ঘনবসতি এলাকা জ্যাকসন হাইটস। এখানে ঘুরলে বাংলাদেশি প্রচুর পণ্য চোখে পড়ে। শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না, হিজাব, জুয়েলারি, হাঁড়ি–পাতিল, দাও-বটি, খুন্তি ও প্লাস্টিকসহ ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিলে এখানে ফুটপাতে। কথা হয় ফুটপাত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে।
হবিগঞ্জের মোহাম্মদ খান। বয়স ৫৮-৬০ বছর। এখানে তাঁর এই ব্যবসা কয়েক মাস ধরে। তীব্র শীতে কোনো দিন মোটামুটি ভালো বিক্রি হয়, কোনো দিন নাই বললেই চলে। শীত মৌসুমে ব্যবসা খুব একটা হয় না। কাস্টমারের দেখা কমই মেলে। তারপরও জীবনের তাগিদে পণ্য নিয়ে বসে পড়েন তিনি।
মোহাম্মদ খানের দোকানে রয়েছে বিভিন্ন ধর্মীয় বই, নানান রঙের ও মানের লেডিস শাল। একেকটি শাল ১০-১৫ ডলার পর্যন্ত বিক্রি করেন। রয়েছে নানান মাপের শীতের টুপি, যার দাম ৫ ডলার বা কোনটির একটু কমও হয়। নারীদের রকমারি হিজাব ৬ ডলার থেকে ১০ ডলারের মধ্যে পাওয়া যায়। হিজাবের পিন ৪টির প্যাকেট ১ ডলার। পবিত্র কোরআন রাখার রেহাল বিভিন্ন দামে বিক্রি করেন। বিভিন্ন সাইজ, গুণগতমানের ও রঙের জায়নামাজ বিক্রি করেন ১৫-২০ ডলারে। সাধারণ টুপি, গাছের ডালের মেসওয়াক, আঁতর ইত্যাদির কোনো ধরা–বাঁধা দাম নেই।
আরেক ব্যবসায়ী তারেক আহমেদ জানালেন, এই ব্যবসা ছাড়া তাঁর আরও ব্যবসা আছে। এখানে তিনি সপ্তাহের কয়েক দিন দোকান খোলেন। তাঁর দোকানে রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি, সালোয়ার কামিজ, শাল, স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, টুপি, শীতের কাপড়। এ ছাড়া রয়েছে নারী–পুরুষের ব্যবহারের নানা জিনিসপত্র। দামের ব্যাপারটা তিনি এড়িয়ে গেলেন, তাই দাম জানা হয়নি।
কথা হয় সিলেটের গোলাপগঞ্জের রফিক উদ্দিনের সঙ্গে। আনুমানিক ৬০ বছর বয়সী এই অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেন, প্রায় ১৫ মাস হয় আমেরিকায় এসেছেন স্ত্রী ও এক পুত্র নিয়ে। বয়সের কারণে অন্য কোন কাজ করতে না পেরে জীবনের তাগিদে সামান্য কিছু টাকা বিনিয়োগ করে এখানে তিন মাস যাবৎ এই ব্যবসাটি তিনি করছেন। তিনি জানান, দেশের মানুষ মনে করে এ দেশে মানুষ আসলে বিনা কষ্টে টাকা পয়সা পেয়ে যায়। কিন্তু এখানে জীবন খুব কঠিন, এখানকার আবহাওয়া সবচেয়ে বেশি কষ্টকর। তাঁর দোকানে রয়েছে বিভিন্ন ধরনের জায়নামাজ, টুপি, আঁতর, রেহাল, ধর্মীয় বই, গাছের ডালের মেসওয়াক, তাসবিহ, শাল, হিজাব ইত্যাদি। এখানে এক দোকানের সঙ্গে অন্য দোকানের একই পণ্যসামগ্রীগুলোর দামের কোন তফাৎ দেখা যায়নি। প্রত্যেকটি দোকানের পণ্যের সঙ্গে যেমন মিল রয়েছে, তেমনি রয়েছে দামেরও মিল। সব ব্যবসায়ী বেশ মিলেমিশে ব্যবসা করছেন।
নারায়ণগঞ্জের আবদুর রহমান বিক্রি করেন নানা চকলেট, কুকিজ ও আচার জাতীয় সামগ্রী। তিনিও জানালেন, তিনি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, এখনো একটিতে কাজ করেন। কাজ শেষে বিকেলে এই দোকানে বসেন। তিনি এই দোকানের মালিক নন, এর মালিক অন্য একজন অভিবাসী বাংলাদেশি।