ফুটবল লীগে ব্রঙ্কস ইউনাইটেড ও বিবিএর পূর্ণ পয়েন্ট অর্জন
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২০ এর দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও বিবিএ জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। দিনের অন্য দুই খেলা ড্র হয়েছে। ৪ অক্টোবর ব্রুকলিনের একটি মাঠে লীগের খেলাগুলো হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষা করেই লীগের খেলাগুলো হচ্ছে বলে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা কর্মকর্তারা জানান।
দিনের প্রথম খেলায় টুডোর এফসি ও জ্যামাইকা এফসি অংশ নেয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের সময় জ্যামাইকার রায়হান প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। পরে দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে টুডোর-এর নাজমুল গোল করে খেলায় সমতা আনেন। শেষ পর্যন্ত খেলাটি জমে উঠলেও আর কোনো গোল হয়নি।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে আইসাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জনের পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথমার্ধের ২২ মিনিটে ব্রঙ্কসের জামি জয়সূচক গোল করেন।
দিনের তৃতীয় খেলায় বিবিএ ১-০ গোলে জলডুপ এফসিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিল (০-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটে বিজয়ী দলের বিয়েল জয়সূচক গোলটি করেন। বিবিএ ও জলডুপ এফসির খেলাটিও ছিল আকর্ষণীয়।
দিনের চতুর্থ ও শেষ খেলায় যুব সংঘ (এ) ও ব্রঙ্কস স্টার পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। উত্তেজনাপূর্ণ খেলাটি গোল শূন্য ড্র হওয়ায় উভয় দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। খেলাগুলো পরিচালনা করেন মূলধারার রেফারি অস্কার, হেক্টর ও লিও।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দর্শক খেলাগুলো উপভোগ করেন। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কর্মকর্তাদের মধ্যে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহীম, উপদেষ্টা ছদরুন নূর, আতাউর রহমান, আবদুল হাসিম, বড় ভূঁইয়া, এনাম ও জুনেদ আহমেদ চৌধুরী, সভাপতি মিসবা আবদীন, সিনিয়র সহসভাপতি ওয়াহিদ কাজী, সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রশিদ রানাসহ ফখরুল ইসলাম দেলোয়ার, আবদুল কাদির, ইয়াকুত রহমান, শাহারিয়ার উদ্দিন, জহির উদ্দিন, দেলোয়ার হোসেন, মইনুল ইসলাম, সোহেল আহমেদ, জাকির হোসেন, শফিকুল আলম প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে এই ফুটবল লীগ শুরু হয়। এবারের লীগে ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো যুব সংঘ (এ), যুব সংঘ (বি), ব্রঙ্কস ইউনাইটেড, বিবিএ, সোনার বাংলা এফসি, আইসাব, ব্রঙ্কস স্টার, জ্যামাইকা এফসি, বৈরাগীবাজার এফসি, বেঙ্গল ওয়ারিয়র, টুডোর এফসি ও জলডুপ এফসি।