ফুটবলার আব্দুল গাফফারের মাতৃবিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা ফুটবলার আব্দুল গাফফারের মা রহিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ সময় ২৩ জুন রাতে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আব্দুল গাফফার বাংলাদেশ জাতীয় ফুটবল দল ছাড়াও ঢাকা ওয়ান্ডারার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র দলের কৃতি ফুটবলার ছিলেন। তিনিসহ তাঁর সব ভাইবোন বর্তমানে আমেরিকাপ্রবাসী। ফ্লোরিডায় অবস্থানরত ফুটবলার আব্দুল গাফফার জানান, তাঁর মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। গত জানুয়ারি মাসে তিনি স্ট্রোকের শিকার হন। এ ছাড়া ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আব্দুল গাফফার বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা খারাপ হলে ১৮ জুন তাঁকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।’

এদিকে এক বিবৃতিতে নিউইয়র্ক তথা আমেরিকাপ্রবাসী সব বাংলাদেশি খেলোয়াড়ের পক্ষ থেকে আব্দুল গাফাফারের মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকার মহিউদ্দিন দেওয়ান, প্রধান সমন্বয়কারী আব্দুর রহীম বাদশা, ভারপ্রাপ্ত সদস্যসচিব মফিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।