ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করছে নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে আইনে পরিণত হওয়া নতুন ফেডারেল করনীতির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে নিউইয়র্ক। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যও মামলা করার ঘোষণা দিয়েছে।
গত ২৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটের তিন গভর্নর যৌথভাবে এ বিষয়ে আইনি মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিন অঙ্গরাজ্যের গভর্নর বলেন, নতুন কর আইন তাঁদের অঙ্গরাজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা অন্যায্য। আইনে অঙ্গরাজ্যের নিজস্ব করকাঠামো ও কর রেয়াতের অধিকার খর্ব করা হয়েছে। এটি আমেরিকার ইতিহাসে নতুন।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো বলেন, ‘এ আইন অঙ্গরাজ্যের অধিকার খর্বের পাশাপাশি মার্কিন সংবিধানের সম সুরক্ষানীতি লঙ্ঘন করছে। আর কাকতাল হলেও সত্য, এই আইনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ১২টি অঙ্গরাজ্যের সবগুলোই ডেমোক্র্যাট। এই আইনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গেও কথা বলেছি।’
প্রসঙ্গত, গত ডিসেম্বরে নতুন কর আইনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন। এতে ১০ হাজার ডলারের বেশি কর অব্যাহতি কোনো অঙ্গরাজ্য দিতে পারবে না—এমন বিধান রাখা হয়। নতুন এই বিধান সল্ট নামে পরিচিত। এই সল্ট বিশেষত নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও ক্যালিফোর্নিয়ার উচ্চ আয়ের করদাতাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিপ্রেক্ষিতে আইনটির বিরুদ্ধে আইনি লড়াইয়ের এই ঘোষণা এসেছে।
এর আগে জানুয়ারি মাসের শুরুর দিকে নিউজার্সির গভর্নর ফিল মারফি জানিয়েছিলেন, কর আইনের বিরুদ্ধে সম্মিলিতভাবে মামলা করার সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যেই নেওয়া হবে। এটি অনেক শক্ত মামলা হবে। আর সমমনা অঙ্গরাজ্যগুলো এর সঙ্গে থাকবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
এ বিষয়ে কর ও ব্যবসা-সম্পর্কিত আইনি প্রতিষ্ঠান ম্যাকের আইনজীবী জোসেফ কালাহান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করার বেশ শক্ত ভিত্তি অঙ্গরাজ্যগুলোর সামনে আছে। কয়েকটি অঙ্গরাজ্য মিলে ফেডারেল সরকারের কোনো নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়ার ইতিহাস আমাদের রয়েছে। তারা যে ভিতে দাঁড়িয়ে কথা বলছেন তা বেশ যৌক্তিক। আর সংবিধান সম্পর্কিত যে যুক্তি তারা উপস্থাপন করেছেন, তাও বেশ শক্তিশালী।’
তবে এ ধরনের মামলার সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লর অধ্যাপক ডেভিড কামিন। তিনি বলেন, ‘এ ধরনের মামলায় সফল হওয়ার সম্ভাবনা কম। কারণ আদালত বলবে নীতিটি কংগ্রেসের মাধ্যমে পাস হয়ে এসেছে। এ ক্ষেত্রে আদালত কংগ্রেসকে বেশ গুরুত্ব দিয়ে থাকে।’
এদিকে মামলা ছাড়াও নিউইয়র্ক অঙ্গরাজ্য করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে বিকল্প চিন্তাও করছে। এমনকি এ ক্ষেত্রে পেরোল ট্যাক্স প্রবর্তনের কথাও ভাবছে নিউইয়র্ক। এর আগে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নেব্রাস্কা, ভার্জিনিয়া ও ওয়াশিংটন এ ধরনের উদ্যোগের কথা জানিয়েছিল। যার মাধ্যমে অঙ্গরাজ্যের তহবিলে দানের মাধ্যমে করদাতারা সম পরিমাণ কর অব্যাহতির সুযোগ পাবেন।