ফেতুল্লা গুলেনের ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের ভাই কুদবেত্তিন গুলেনকে গ্রেপ্তার করেছে তুরস্ক কর্তৃপক্ষ। গুলেন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে তুরস্কে গত জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থান-প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ব্যর্থ ওই অভ্যুত্থানের ঘটনায় দেশজুড়ে তদন্তের অংশ হিসেবে ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তুরস্কের একটি আদালত।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইজিয়ান প্রদেশের ইজমির শহরের গাজিমির এলাকায় এক আত্মীয়ের বাড়িতে কুদবেত্তিন অবস্থান করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তুরস্কের দৈনিক হারিয়েত-এর প্রতিবেদনে বলা হয়েছে, কুদবেত্তিন গুলেন বিদেশে ছিলেন। তবে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে সম্প্রতি তিনি দেশে ফিরে এসেছেন।