ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাচ্ছে খাদ্য সহায়তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে সরকারের শাটডাউন বা অচলাবস্থার পরিপ্রেক্ষিতে স্বল্প ও নিম্ন আয়ের মার্কিনদের জন্য মৌলিক খাদ্য সহায়তা কর্মসূচি এখন হুমকির মুখে পড়েছে। খাদ্য সহায়তা পাওয়া পরিবারগুলোর কাছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সুবিধার অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থার নিরসন না হলে ফেব্রুয়ারির পর থেকে নাগরিক নিরাপত্তার এই মানবিক কর্মসূচিটি থমকে দাঁড়াবে। সংকটে পড়বে লাখ লাখ আমেরিকান পরিবার। 

কৃষিমন্ত্রী সোনি পেরডু ২২ জানুয়ারি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ঘোষণা করেন, আমেরিকান নাগরিকদের জন্য আগামী ফেব্রুয়ারির পর থেকে ফুড স্ট্যাম্প বা সরকারি খাদ্য সহায়তার সুবিধা বন্ধ হয়ে যাবে। সাপ্লিমেন্টাল নিউট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (এসএনএপি) বন্ধ হয়ে গেলে সরকার এর বদলে কিছু খাবার বাক্স দেওয়ার পরিকল্পনা করছে। প্রস্তাবে খাবারের বাক্সের নাম দেওয়া হয়েছে ‘আমেরিকা’স হারভেস্ট বাক্স’। অর্থ সংকট মোকাবিলা করতে গিয়ে সরকার এমন উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়।

সরকারের তথ্যমতে, বর্তমানে ৩ কোটি ৮০ লাখ আমেরিকান এই খাদ্য সহায়তা নিচ্ছেন। ট্রাম্প সরকারের দেয়াল নির্মাণ নিয়ে অচলাবস্থার কারণে কম আয়ের আমেরিকানদের জন্য এই মৌলিক খাদ্য সহায়তা হুমকির মুখে পড়েছে। অচলাবস্থা জিইয়ে রেখে ট্রাম্প সরকার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে গেলে খাদ্য লাখ লাখ মানুষ ফুড স্ট্যাম্প সুবিধা পাবেন না, এতে তাঁরা মারাত্মক সংকটে পড়তে পরবেন।

অচলাবস্থার ফলে ছোট ব্যবসায় আঘাত আসবে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখান মতে, আমেরিকায় ১ কোটি ৯০ লাখ বেশি পরিবারের প্রায় ৩ কোটি ৯০ লাখ লোকের জন্য অ্যাকাউন্ট স্ট্যাম্প দেওয়া হয়। প্রতিটি পরিবার প্রতি মাসে গড় ২৪৫ দশমিক ২৮ মার্কিন ডলার পায়। কিন্তু অচলাবস্থার কারণে আগামী মাসগুলিতে এসএনএপি কর্মসূচির জন্য যথেষ্ট পরিমাণ অর্থ ইউএসডিএর নেই। বিশেষজ্ঞরা বলছেন, লাখ লাখ মানুষ সরকারে অচলবস্থার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

১৯৬৪ সালে জন এফ কেনেডি প্রেসিডেন্ট হয়ে এই ফুডস্ট্যাম্প প্রবর্তনের ঘোষণা দেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় এই কর্মসূচি ব্যাপকভাবে চালু হয়। রক্ষণশীলদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এই কর্মসূচি বিস্তৃত করেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ফুড স্ট্যাম্প দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি নিরাপত্তা কর্মসূচি হিসেবে গুরুত্ব পায়। ২২ ডিসেম্বর শুরু হওয়া রাজনৈতিক অবস্থান যদি আগামী মার্চ মাস পর্যন্ত চলতে থাকে, তবে ফুড স্ট্যাম্প গ্রহণকারী পরিবারের খাদ্য কিনতে কোনো অর্থ পাবে না। এ নিয়ে উদ্বিগ্ন স্বল্প ও নিম্ন আয়ের আমেরিকার মানুষ।