ফের ঐক্যের ডাক দিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংকস গিভিং ডে উপলক্ষে এক বার্তায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, ‘আমাদের বিভেদ দূর করার সময় এসেছে’। তবে উদ্বেগ-উত্তেজনা রাতারাতি শেষ হওয়ার নয়। এর আগে ট্রাম্প নিজের আসন্ন মন্ত্রিসভায় দুই নারী সদস্যকে নিয়োগের ঘোষণা দেন। ওই দুজনই ট্রাম্পের নির্বাচনী প্রচার চলাকালে তাঁর কঠোর সমালোচনা করেছেন।

থ্যাংকস গিভিং ভাষণে ট্রাম্প গত বুধবার স্বীকার করেন, তাঁর মনে এখনো তিক্ততা রয়ে গেছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এটা দ্রুত কাটবে না। তবে ঐক্যবদ্ধভাবে ওয়াশিংটনে সত্যিকারের পরিবর্তন ঘটানোর সুযোগ এখন আছে। পাশাপাশি শহরগুলোর নিরাপত্তা, বিভিন্ন সম্প্রদায়ের সত্যিকারের অগ্রগতি এবং অভ্যন্তরীণ এলাকাগুলোর উন্নয়নের কাজে হাত দিতে হবে।

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর নিকি হেলিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত এবং বেস্টি ডেভোসকে শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে ট্রাম্প বুধবার নিজের পছন্দের কথা জানিয়েছেন। ওই দুজনই ট্রাম্পের সমালোচক ছিলেন।

হেলি ও ডেভোসের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন লাগবে। তবে সেখানে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ থাকায় হয়তো এতে তেমন অসুবিধা হবে না।