ফেরদৌস খন্দকারের বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা

নিউইয়র্কের চিকিৎসক ফেরদৌস খন্দকারের লেখা ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে’ বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল ২৬ জানুয়ারি।
জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কমিউনিটির সর্বস্তরের বিশিষ্টজনেরা।
বিকেলে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় ডায়াবেটিসের ওপর একটি সেমিনার দিয়ে। ফেরদৌস খন্দকারের সঞ্চালনায় এই সেমিনারে বক্তব্য রাখেন ডায়াবেটিস বিশেষজ্ঞ সাবরিনা হক ও পুষ্টিবিদ সৈয়দা নিলুফার নাহিদ। এরপর উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।
সেমিনার শেষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় লেখক ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহিদ হাসান, চিকিৎসক ফজলুল ইউসুফ, মুক্তিযোদ্ধা ও ফার্মাসিস্ট খোরশেদ আনোয়ার, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভিসা ও পাসপোর্ট উইংয়ের প্রধান মো. শামীম হোসেন, আতাউল ওসমানি, অ্যাটর্নি মঈন চৌধুরী ও আবদুল বাতেন।
শামীম আল আমিনের সঞ্চালনায় এ সময় কমিউনিটির বিশিষ্টজনেরা নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
ফেরদৌস খন্দকার বলেন, ‘কারও যদি ডায়াবেটিস হয়, তাহলে গোটা জীবনই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হয়। এ জন্য অনেক ক্ষেত্রেই বদলে ফেলতে হয় পুরো জীবন ব্যবস্থাকেই। ডায়াবেটিস মোকাবিলায় তাই জীবনব্যাপী সমাধানের দরকার হয়। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ডায়াবেটিস নেই এমন পরিবার পাওয়াই কঠিন। আর পর্যাপ্ত শিক্ষা ও সচেতনতাই পারে রোগটি প্রতিরোধ করতে। তবে কারও যদি ডায়াবেটিস হয়েই যায়, তাহলে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে হবে। এই লক্ষ্য নিয়েই বইটি লেখা হয়েছে।’
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী তাজুল ইমাম। চাররঙা ঝকঝকে এই বইটি মুদ্রিত হয়েছে চীন থেকে। ডাক্তারবাড়ি ডট কম থেকে প্রকাশিত এটি লেখকের দ্বিতীয় বই।
কমিউনিটির বিশিষ্টজনেরা এ সময় বলেন, ‘ডায়াবেটিস রোগীদের জন্য লেখা বইটি সবারই কাজে দেবে। সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় বইটি লেখার জন্য ফেরদৌস খন্দকারকে ধন্যবাদ জানান তাঁরা।’
অনুষ্ঠানে ফেরদৌস খন্দকারের দুই ছেলে আকিব খন্দকার ও নকিব খন্দকার বাবাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের পরের পর্বে নতুন ধারার একটি টেলিভিশনের লোগো উন্মোচন করা হয়। ফেরদৌস খন্দকারের উদ্যোগে ডাক্তারবাড়ি থেকে ডি টিভি নামে টেলিভিশনটি শিগগির আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সাংবাদিক ও লেখক শামীম আল আমিন টেলিভিশনটির পেছনে গুরুত্বপূর্ণ কাজ করছেন।
অনুষ্ঠানে শামীম আল আমিন জানান, এটি হবে জীবনধারা সম্পর্কিত টিভি। যা কেবল মানুষের সাফল্যের গল্প বলবে। ইতিবাচক, মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগায়, আনন্দ দেয় এমন বিষয়গুলো নিয়ে দর্শকদের সামনে আসব আমরা।
জুনের মাঝামাঝি সময়ে টেলিভিশনটি আত্মপ্রকাশ করবে। এর স্লোগান ‘আলোয় ভরা প্রাণ’।