ফেলে আসা দিনগুলো কি ফিরে পাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দেশে গেলাম জানুয়ারির তৃতীয় সপ্তাহে। কাজ থেকে ছুটি নেওয়া ছিল আগেই। দেশে যাওয়ার এক সপ্তাহ আগে মেইল পেলাম যাতে উল্লেখ ছিল কাজে যেতে হবে না। কলিগের কাছে ফোন করে জানলাম, অফিস কোন কারণে আপাতত বন্ধ। তবে চাকরি নিয়ে কোন শঙ্কা বা দুশ্চিন্তা নেই। পরদিন আসা অন্য এক মেইলে কাজে না যাওয়ার কারণ জানিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জানাল, তা হলো আমাদের বেতন, ভাতাসহ হলিডে পে, ভ্যাকেশন ভাতা সব নিয়মিত পেয়ে যাব, যত দিন না অফিসের সমস্যা সমাধান না হয়।

দেশে গেলাম ২৫ জানুয়ারি। তখন করোনার একক তাণ্ডব চলছে চীনের উহান শহরে। প্রতিদিন গণমাধ্যমে প্রধান খবর, চীনের উহানে করোনার কবলে নিমজ্জিত শহরের বাজে হাল–হকিকত। দেশে ৩৪ দিন কাটিয়ে আমেরিকা ফেরার যাত্রা শুরু ২৪ ফেব্রুয়ারি। ঢাকায় করোনা শুধু আলাপ–আলোচনায় আর টক শোতে সীমাবদ্ধ। প্রস্তুতি বলতে মন্ত্রীদের মুখে সরকারের নানা পরিকল্পনার অগ্রিম বিবরণ। ঢাকা বিমান বন্দরে দেখলাম, সব স্বাভাবিক এবং সবকিছু আগের মতোই চলছে। শুধু শোনা গেল, বিদেশের বেশ কিছু এয়ারপোর্টের কাস্টমস বাইরে থেকে নিয়ে আসা খাদ্যদ্রব্যের ওপর নজরদারি বাড়িয়েছেন।

এমিরেটসের বিমানে চড়ে প্রথমে দুবাই তারপর মিলানে যাত্রাবিরতি।। এরপর ননস্টপ নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট। দুবাই থেকে ছেড়ে আসা বিমান ইতালির মিলানে নামার আগে সতর্কবাণী ঘোষণা দিল বেশ কয়েকবার। যার সব কটি করোনাভাইরাস নিয়ে। এয়ারপোর্টে আমাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হলো ব্যক্তিগত কারণে। এমিরেটসের বৃহদাকারের বিমান থেকে বের হয়ে প্রথমে ঢুকতে হলো রাবারের তৈরি স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেলে। ধোঁয়ার আকার আর ঘনত্ব দেখে মনে হলো চোখ জ্বালা করতে পারে। আসলে তার কিছু হলো না, মনে হলো শীতের কুয়াশার ভেতর দিয়ে হুইল চেয়ারে চড়ে গেলাম পথটুকু। মধ্যবয়সী ইতালিয়ান নারী হুইল চেয়ার সহকারীর নাক মুখ মাস্ক দিয়ে আটকানো, হাতে ডিসপোজিবল গ্লাভস। পুরো প্রোটেক্টেড হয়ে চলা ফেরা করা স্বল্পভাষী মহিলাকে কয়েকবার জিজ্ঞেস করেও মিলানে করোনা সংক্রান্ত তেমন কোন খবর মিলেনি। মিলান থেকে প্রায় ৯ ঘণ্টা উড়ে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে নেমে দেখি সর্বত্র একদম স্বাভাবিক। কোথাও নেই করোনা প্রতিষেধক কর্মকাণ্ড বা নিয়মপালনের কড়াকড়ি। অথচ তখন মিলান এয়ারপোর্টে শুরু হয়ে গেছে করোনাভাইরাস থেকে সাবধান থাকার সব ধরনের আবশ্যক নিয়মপালনের চর্চা।

আশ্চর্য হলেও মনে হলো, নিশ্চয় আমেরিকার সর্বোচ্চ মহল করোনার ক্ষতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল আছেন। নির্দিষ্ট ছুটি শেষ হওয়ার পূর্বেই জানলাম, অফিসের সমস্যা সমাধান না হওয়ায় আমাদের অবস্থা পূর্বের ন্যায়। প্রতি সপ্তাহের পাওয়া নিয়মিত বেতনের সঙ্গে যোগ হলো ৪ সপ্তাহের ভ্যাকেশন পে, বার্ষিক বোনাস এবং সন্তোষজনক অঙ্কের বড় দিনের গিফট। মোট পরিমাণ বলতে গেলে বেশ ভালো পরিমাণের। ৩০ মার্চ অফিস জানাল, বিবাদমান সমস্যা সহসা সমাধান না হওয়াতে অফিসের ডাউনটাউনে ইউনিটে কর্মরত সবাইকে লে অফের আওতায় আনা হয়েছে। সবাইকে চাকরি বিধি মেনে কর্মহীন ভাতার জন্য আবেদন করতে বলা হলো।

অফিস থেকে পাঠানো চিঠি নিউইয়র্ক রাজ্যের লেবার ডিপার্টমেন্টে পাঠানোর পরদিনই আবেদনপত্র পূরণ করলাম বিভাগীয় নিয়ম মেনে। নিউইয়র্কে সেই সময় থেকে করোনা বিস্তার রোধে নানা বিধিনিষেধ পালন শুরু হয়ে গেছে। অবরুদ্ধ সময়কালের শেষ ট্রেন যাত্রা ছিল ২ এপ্রিল। ওই দিন প্রথমে পত্রিকা অফিসে যাই। দেখা হয় শুধু অফিস ইনচার্জ সানজীদা উর্মীর সঙ্গে। তারপর আরও কিছু ব্যক্তিগত কাজকর্ম সেরে চলে আসি বাসায়। করোনার ছোবল মারতে শুরু করেছে নিউইয়র্কে। বাসায় পুরো অবরুদ্ধ জীবন। বাইরে যাওয়া একদম বন্ধ। একে একে আসতে শুরু করল সব বিয়োগান্ত সংবাদ। পরিচিত স্বজনসহ নিকটাত্মীয়দের হারাতে হলো দ্রুত এবং খুবই স্বল্প সময়ে। চারদিক থেকে ক্রমশ আসছে মৃত্যু সংবাদ, যা ক্রমে হয়ে উঠছে চূড়ান্ত মানসিক পীড়ন আর অত্যাচার। এর ওপর বাসায় এক ধরনের বন্দীজীবন পালনে নানা বিধিনিষেধে একেবারে চূড়ান্ত খারাপ অবস্থা।

তবে এসবের মধ্যে পাওয়া গেল ভালো একটি সংবাদ। ডাকযোগে আসা কর্মহীন ভাতা প্রাপ্তির অনুমোদনের চিঠির সঙ্গে সঙ্গে পেলাম স্থানীয় এক ব্যাংকের ইস্যুকৃত একটি ডেভিট কার্ড। যাতে জমা হবে প্রতি সপ্তাহে পাওয়া কর্মহীন ভাতা। কার্ড অ্যাক্টিভেট করতে গিয়ে কার্ডে জমা মোট ডলারের পরিমাণ শুনে প্রথমে বিস্মিত হয়ে পড়ি। লেবার ডিপার্টমেন্টের তথ্য মতে, আমার কর্মহীন ভাতা তো মাত্র শুরু। কিন্তু জমা হওয়া ডলারের পরিমাণ তো এর চেয়ে অনেক বেশি। পরদিন পুরো বিষয় খোলাসা করে দিল আমার অফিসের কর্মী ওয়েলফেয়ার অফিসার মেলিসা। সে জানাল, যেদিন থেকে আমাদের অফিস বন্ধ ঘোষণা করা হয়, সেদিন থেকে আমাদের কর্মহীন বলে ধরে নেওয়া হয়েছে। ডলার অঙ্কে মিল না থাকার কারণ জিজ্ঞেস করতে মেলিসা জানাল, সেটি তোমার সমস্যা নয়। তা অফিস ও লেবার ডিপার্টমেন্ট দেখবে। তুমি আপাতত নিজেকে ভাইরাস থেকে রক্ষা করে চলো। এসবের মধ্যে এল সরকারের প্রণোদনার ঘোষণা। আমরা স্বামী–স্ত্রী দুজনই পেলাম ২ হাজার ৪০০ ডলার। প্রতি সপ্তাহের কর্মহীন ভাতার সঙ্গে যোগ হলো মহামারি সহায়তা আরও ৬০০ ডলার। যার মোট পরিমাণ দাঁড়াল হাজার ডলারের কাছাকাছি। সাপ্তাহিক বেতনের পরিমাণের সমান। এক মাসের ওপর অন্তরীণ থাকার সময় মাত্র দুবার বের হয়েছি। প্রথমবার রোজা শুরু হওয়ার আগের দিন। পরে ৮/১০ দিন আগে স্থানীয় একটি ফার্মেসিতে ওষুধ সংগ্রহ করতে যাই।

চলতি মে মাসের প্রথম সপ্তাহে পেয়ে গেলাম আরেকটি সুখবর। যে অফিসে এক নাগাড়ে প্রায় ১০ বছর কাজ করলাম। সে অফিস করোনা মহামারিতে মনোবল চাঙা রাখতে আর্থিক সহায়তা করল কয়েক হাজার ডলার। সব মিলিয়ে এই মুহূর্তে আমার আর্থিক অবস্থা খুবই সন্তোষজনক, যা অবশ্যই মানসিক শক্তি জোগাতে সাহায্য করবে অনেক বেশি। যেহেতু বের হতে পারছি না, তাই প্রাপ্ত সব ডলার বাঙ্কে পড়ে আছে অলসভাবে। যেখান থেকে ব্যয় হয়েছে খাওয়া–দাওয়া বাবদ এক অংশ এবং আরেকটি উল্লেখযোগ্য অংশ গেছে দান–খয়রাতে।

যেহেতু চলাফেরা একবারে নেই বললেই চলে। ওয়ালেটে রাখা নগদ ২৬ ডলারে কোন পরিবর্তন নেই। রেলের শেষ ব্যালান্স ২.৭৫ ডলার অপরিবর্তিত। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাকে নিয়ে রাষ্ট্রযন্ত্রের চিন্তার শেষ নেই। রাষ্ট্র যেভাবে পারছে, আমাকে নানা ধরনের আর্থিক সহায়তাসহ অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে, যা আমাকে করছে চিন্তামুক্ত ও ভয়শূন্য। বাসস্থান সমস্যা সমাধানে আমি পেয়েছি দম ফেলার বেশ বড়সড় খানিক মুক্ত স্থান। আগের ন্যায় ঘাড়ের ওপর গরম নিশ্বাস ফেলতে আসছেন না বাড়ির মালিক মাসের প্রথম সপ্তাহে। সর্বোপরি ৩৬ দিনে আমি বাধ্য হয়েছি নিজেকে একটি নিয়মের ভেতরে আটকাতে। কারণ গত এক মাসে করোনাভাইরাসের গতি প্রকৃতি দেখে পৃথিবীর শত কোটি জনতার ন্যায় আমি বুঝতে পেরেছি, এই মুহূর্তে বেঁচে থাকা বা নিরাময় থাকার একমাত্র শর্তই হচ্ছে নিজ গৃহে থাকা। সঙ্গে সঙ্গে আগামীর পরিবর্তিত দুনিয়াতে বেঁচে থাকার সব কৌশল পর্যায়ক্রমে জেনে নেওয়া। বর্ণিত মতামতে একজন বাংলাদেশি আমেরিকান নাগরিকের ব্যক্তি ও পারিবারিক জীবনের ময়নাতদন্তের উপস্থাপনা শুধু কয়েক লাইন প্রলাপ, তা নয়। আমি শুরু দেখলাম, অনিয়ম দেখলাম, অবহেলা দেখলাম, বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দেশের স্বাস্থ্যকর্মীর সুরক্ষা সামগ্রী সংকটে হাহাকার শুনলাম।

রাজনৈতিক দায়িত্ববানদের হতাশার সুরে বলা কঠিন ইংরেজির অনুবাদ করতে পেরেছি। আগামী দিনে ধেয়ে আসা খাদ্য সংকটে নিজেকে মানিয়ে নিতে ধীরে ধীরে প্রস্তুত করতে সচেষ্ট। প্রতিদিন সময় সুযোগ করে সৃষ্টিকর্তার কাছে দুহাত জড়ো করে চাইছি প্রসন্ন দৃষ্টি। মানবজাতিকে তার কৃতকর্মের জন্য ক্ষমা করে দেওয়ার লাখ কোটি আরজি। তারপরও কেউ কি আমাকে বলতে পারেন? আমি কি ফিরে পাব আমার সেই ফেলে আসা দিনের প্রতিটি অনুভব আর অনুমেয় ক্ষণ আর দিনগুলো।