ফেসবুক কার্যালয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ
ফেসবুক কার্যালয়ে কর্মীদের বর্ণবাদী আচরণের শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। এক ব্লগ পোস্টে এ সম্পর্কিত এক অভিযোগে বলা হয়, ‘ফেসবুক কার্যালয়ে বর্ণবাদের শিকার হতে হয় কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও নারী কর্মীদের’। ওই পোস্টের লেখকেরা নিজেদের সাবেক ও বর্তমান ফেসবুক কর্মী হিসেবে দাবি করেন।
এ সম্পর্কিত পোস্টের পর ১ নভেম্বর পুরো বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট বার্টি টমসন বলেন, ফেসবুক বা অন্য যেকোনো জায়গায় এ ধরনের ব্যবহার কাম্য নয়। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে আমরা যে নীতিতে বিশ্বাস করি, এটি তার বিরোধী। এটি এখন আমাদের নজরে এসেছে এবং আরও ভালো করার জন্য আমরা চেষ্টা করছি।’
ওই ব্লগ পোস্টে বলা হয়েছে, ২০১৮ সালের নভেম্বরে সাবেক ফেসবুক কর্মী মার্ক লাকি ‘কৃষ্ণাঙ্গ সমস্যা’র কথা জানিয়ে নোট প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটির অবস্থা ‘আরও খারাপ হয়েছে’। বর্ণবাদ, বৈষম্য, পক্ষপাত ও আগ্রাসী মনোভাব একদিনে তৈরি হয়নি বলেও মন্তব্য করা হয়েছে ওই পোস্টে। এতে বলা হয়, ‘দীর্ঘদিনের চর্চার ফলে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যাতে মনে হয় আমরা শুধুই কোটাধারী। আমাদের কোনো পরিচয় ও স্বীকৃতি নেই।’
ঠিক কী ধরনের বর্ণবাদী আচরণের মুখোমুখি হতে হয়, সেটিও পোস্টে তুলে ধরেছেন লেখকেরা। এমন একটি ঘটনার বর্ণনায় বলা হয়েছে, ‘প্রোগ্রাম ব্যবস্থাপককে ময়লা পরিষ্কার করার কাজ দেন দুই শ্বেতাঙ্গ সহকর্মী। বিষয়টি নিয়ে মানবসম্পদ বিভাগে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই প্রোগ্রাম ব্যবস্থাপক।’ এ ছাড়া কর্মস্থলের ‘রিভিউ রেটিংয়ে’র সুযোগ নিয়ে সহকর্মীদের হেনস্তা করার মতো অভিযোগও তোলা হয়েছে। পোস্টটির অজ্ঞাতনামা লেখকেরা লিখেছেন, ‘চাপা অনুভূতিগুলো প্রকাশের মধ্য দিয়ে আমরা শুধু আশা করতে পারি, এ অবস্থার পরিবর্তন হবে এবং আমাদের সঙ্গে যা হয়েছে, অন্যদের সঙ্গে তা হবে না।’