ফেসবুক লাইভ, আমার অভিজ্ঞতা
১৫ মে’র দিকে আমার ফেসবুক পেজ Janna’s Journey থেকে প্রথমে লাইভ করি আমার খুব কাছের পরিচিত কয়েকজন ইউটিউবারদের নিয়ে। সেদিন লাইভে আমরা করোনাভাইরাস এর সমসাময়িক পরিস্থিতি এবং ইউটিউব নিয়ে আলাপ আলোচনা করেছি। বেশ ভালোই জমে ছিল আমাদের আলাপ-আলোচনা। দেশ-বিদেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি, অনেক কিছু আর আমাদের ফ্রেন্ডদের সঙ্গে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করেছি। এতে করে আমি একটা ভালো রেসপন্স পেয়েছি। অনেকেই আমার সঙ্গে ফেসবুকে লাইভ করার আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু মনডে টু ফ্রাইডে আমার অফিস থাকে। তারপর আমি ঠিক করলাম, প্রত্যেক উইকেন্ডে লাইভ করব। তারপর থেকে শুরু হয়ে গেল, আমার লাইভ ফেসবুক যাত্রা। এরপর থেকে মোট পাঁচটা উইকেন্ড গেল এবং আমি আটটি লাইভ করেছি। ইউটিউবের পাশাপাশি যেহেতু আমি লেখালেখি ভালোবাসি, লিলিয়ান লিটারেচর ক্যাফে নামের একটা গ্রুপের সঙ্গে আমি জড়িত আছি। এবং সেখানে আমার পরিচিত বেশ কয়েকজন লেখক এবং কবিদের নিয়ে লাইভ করেছি। তার সঙ্গে ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ, সমাজসেবকসহ আরও অনেকে।
এবার একটু আগে ফিরে যাই, আজ থেকে প্রায় দেড় বছর আগে আমার ইউটিউব চ্যানেল Janna’s Journey খুলেছিলাম। তার সঙ্গে একটা ফেসবুক পেজ খুলেছিলাম। অনেক চেষ্টা–প্রচেষ্টা এবং পরিশ্রমের পর ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে সক্ষম হয়েছি। কিন্তু সময়ের অভাবে ফেসবুক পেজে কখনোই অ্যাকটিভ ছিলাম না। এ বছর যখন করোনাভাইরাস শুরু হয়েছে, সবাই হোম কোয়ারন্টিনে ছিল, লকডাউন চলাকালে অনেকেই দেখেছি ফেসবুকে লাইভ করছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এসব লাইভ জয়েন করলে দেশ–বিদেশের বিভিন্ন খবরাখবর জানা যায় এবং নিজের জ্ঞানের পরিধি বাড়ে। তখন থেকে মাথায় এল, আমিও তো চেষ্টা করে দেখতে পারি। তারপর থেকেই আমার এই জার্নি শুরু। এরই মধ্যে ৭ জুন একটা লাইভে এরই মধ্যে ১৪২টি কমেন্ট এসেছে, ১২২টি শেয়ার হয়েছে এবং ৯৫ হাজার ভিউজ হয়েছে। সেদিন যদি আমি এই ফেসবুক লাইভ শুরু না করতাম, তাহলে এই সেক্টরে আমি কী করতে পারব বা কতটুকু করতে পারব। সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই থাকত না।
ইংরেজিতে একটা প্রবাদ আছে ‘to accomplish something, all you need is to try’ কোনো কিছু অর্জন করার জন্য তুমি শুধু চেষ্টা করে দেখো। গুগল, ইউটিউব, ফেসবুকে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ, অনেক দূর এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আর হ্যাঁ, সবকিছুর ভালো ও খারাপ দিক আছে। কিন্তু খারাপটি বাদ দিয়ে আমরা যদি শুধু ভালোটাকে ধরে রাখি এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের বাধা হবে না। আর আমরা সাকসেসফুল হতে পারব। অনেক সময় দেখা যায়, অনেকেই ফেসবুকে বা ইউটিউবে আজেবাজে কমেন্ট করে থাকে। তাতে কিন্তু কিছু যায় আসে না। কারণ তাদের যদি সেই যোগ্যতা থাকত, তাহলে তারা সামনে এসে কথা বলত। তাদের জন্য আমার আফসোস হয়। কারণ, যে সময়টা তারা তাদের বিবেক বুদ্ধি আরেকজনের মন্দ করার পেছনে লাগাচ্ছে, সে সময়টাকে যদি নিজের কোনো ভালো কাজে লাগাতে পারত, তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারত। এটা বোঝার ক্ষমতা যাদের নেই, তারা নিতান্তই হতভাগা।
আমি এ কথা বলছি না যে, সবাইকে ইউটিউব বা ফেসবুক লাইভ শুরু করতে হবে। আমি জাস্ট আমার স্টোরিটা সবার সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এখন করোনাভাইরাস চলছে, সারা বিশ্বে করোনাভাইরাসের চলছে। বিশ্বের অনেক দেশে এখনো লকডাউন আছে। কিছু কিছু দেশে শিথিল করা হয়েছে। এবং তারপরেকরোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে। আবারও লকডাউন করে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ, এখনো বিভিন্ন সিচুয়েশনের মধ্যে আছে। আর এর মধ্যে আমরা যারা এখনো হোম কোয়ারেনটিনে আছি। লকডাউনের মধ্যে আছি। নিজেদের ঘর সংসার ও বিভিন্ন কাজ কর্ম শেষে। নিজেদের সময়টা কীভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেটাই করা উচিত। যাতে করে আমাদের মনটা খারাপ না হয়।
নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। কারণ, আমরা যদি নিজে ভালো থাকি, তাহলে আমাদের আশপাশের সবাই ভালো থাকবে, সমাজ ভালো থাকবে এবং দেশ ভালো থাকবে। নিজেদের শখের কাজগুলো করে ভালোভাবে সময়টা কাজে লাগানো যেতে পারে। সেটা যাই হোক না কেন, বই পড়ে সময় কাটানো যায়। অনেকে সেলাই করতে ভালোবাসে, অনেকে গাছ লাগাতে ভালোবাসে, অনেকে ফুলগাছ পছন্দ করে, অনেকে কবিতা লিখতে ভালোবাসে। অনেকে আবার গল্প লিখতে ভালোবাসে। অনেকে গান শুনতে ভালোবাসে, অনেকে গান গাইতে ভালোবাসে। অনেকে নতুন নতুন দেশ-বিদেশের রেসিপি বানাতে ভালোবাসে। যে যেটাই করুক না কেন, ভালো থাকার চেষ্টা করতে হবে। নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রেখে, ভালো থাকতে হবে, বাঁচার জন্য ভালো থাকতে হবে।