মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানের অংশ হিসেবে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে (ফেসবুক লাইভ) একটি নৈশ অনুষ্ঠান গত সোমবার শুরু হয়েছে। ট্রাম্পের অভিযোগ, মূলধারার গণমাধ্যম তাঁর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সেগুলো ছাপিয়ে যাওয়ার লক্ষ্যেই ফেসবুকে নিজস্ব প্রচারের ব্যবস্থা নিয়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা।
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে রিপাবলিকান প্রার্থীর নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ট্রাম্প টাওয়ার লাইভ নামের অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে প্রতি রাতেই এই অনুষ্ঠান হবে। ট্রাম্পের উপদেষ্টা ও অনুষ্ঠানটির সহ-উপস্থাপক ক্লিফ সিমস বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর একটি চেষ্টা করছেন তাঁরা। এখানে গণমাধ্যম কোনো ধরনের হস্তক্ষেপ বা অদলবদল করতে পারবে না। জনগণ সরাসরি ট্রাম্পের প্রচার কার্যক্রম শুনতে পাবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে দুই উপস্থাপক ও অতিথিরা হাজির হন। তাঁরা ছিলেন ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক এবং রিপাবলিকান পার্টির একজন গণযোগাযোগ কৌশলী। তাঁরা ট্রাম্পের একটি বড় প্রতিকৃতির সামনে বসে আলোচনায় অংশ নেন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল বিতর্ক নিয়ে আলোচনা এবং একজন রক্ষণশীল ভাষ্যকারের সাক্ষাৎকারের পর অনুষ্ঠানটি সরাসরি ফ্লোরিডায় ট্রাম্পের একটি জনসভার দৃশ্য দেখাতে শুরু করে। সোমবার রাত পর্যন্ত ফেসবুকে ১৩ লাখের বেশি মানুষ এই অনুষ্ঠান দেখেছে।
মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প কয়েক দফা আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই গণমাধ্যম ‘দুর্নীতগ্রস্ত’।