ফেসবুককে ৫ বিলিয়ন ডলার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি কোটি ব্যবহারকারী তথ্য পাচারের অভিযোগে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা করেছে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
দীর্ঘ এক বছর ধরে এফটিসি ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তদন্ত করে আসছে। সম্প্রতি এফটিসির পাঁচ সদস্যের তদন্ত কমিটি ৩-২ ভোটে এই জরিমানার পক্ষে রায় দেয়।
ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এফটিসির এই সিদ্ধান্ত আমেরিকার বিচার বিভাগে পৌঁছানো হবে। এরপর বিচার বিভাগ এই রায় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এই সিদ্ধান্তের ব্যাপারে ফেসবুক এখনো কিছু বলেনি। তবে গত ২৪ এপ্রিল ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা এই তদন্তে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হবে বলে ধারণা করেছে।
আমেরিকার বিচার বিভাগ যদি এফটিসির সিদ্ধান্ত মেনে পাঁচ বিলিয়ন ডলার জরিমানার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে ফেসবুকের তথা যেকোনো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে সবচেয়ে কঠিন শাস্তি। এর আগে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমকে এত বিশাল অঙ্কের জরিমানা করা হয়নি। সর্বশেষ এফটিসির আদেশ ভঙ্গের জন্য গুগলের বিরুদ্ধে এফটিসি ২২ দশমিক ৫ মিলিয়ন ডলারের জরিমানা করে।
জানা গেছে, গত বছর ক্যামব্রিজ অ্যানালিটিকা নামক একটি তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। এই প্রতিষ্ঠানের সঙ্গে ফেসবুকের ব্যবসায়িক সম্পর্ক ছিল। অন্যদিকে, ক্যামব্রিজ অ্যানালিটিকা ডেটা ফার্মটি ২০১৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছে বলেও জানা গেছে।
২০১১ সালে ফেসবুক এফটিসিকে জানিয়েছে, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া ফেসবুক কখনো কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবে না। কিন্তু ২০১২ সালে এফটিসির এক তদন্তে দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অন্যদের সঙ্গে শেয়ার হচ্ছে। সে সময় এফটিসি ফেসবুককে সতর্ক করে দেয়। এরপর ফেসবুক আবারও ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার না করতে রাজি হয়।
গত বছর ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। এই খবর বিশ্বের সব মিডিয়াতে প্রকাশ হলে এফটিসি আবার ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নামে। তদন্ত শেষে এবার ফেসবুককে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা করে কঠোরভাবে সতর্ক করে এফটিসি।
উল্লেখ্য গত চার মাসে ফেসবুকের আয় ছিল ১৫ বিলিয়ন ডলার।