ফেসবুকে স্ত্রীকে হত্যার ছবি...
স্ত্রী হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ডেরেক মেডিনা। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ডেরেক খুনের ছবি তাঁর মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। পরে তা ফেসবুকে প্রকাশ করেন। আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন।
যদিও ৩৩ বছর বয়সী ডেরেক আদালতে আত্মপক্ষ সমর্থন করে দাবি করেন, বছরের পর বছর ধরে স্ত্রী জেনিফার আলফোনসো তাঁর ওপর নিপীড়ন চালাচ্ছিলেন। ঘটনার দিন স্ত্রী তাঁকে ছুরি দেখিয়ে হুমকি দেন। এরপর তিনি গুলি ছোড়েন।
আইনজীবীরা বলছেন, ডেরেকের স্ত্রীর লাশ যখন তাঁদের মিয়ামির বাসা থেকে উদ্ধার করা হয়, তখন ডেরেক জড়সড় ছিলেন। এ ছাড়া তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছিলেন, এই খুনের দায়ে তাঁকে কারাগারে যেতে হতে পারে বা তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। আইনজীবীরা এটা প্রমাণ করতে পেরেছেন যে, ২০১৩ সালের আগস্টে ২৭ বছর বয়সী স্ত্রীকে গুলি করেন ডেরেক।