ফেসবুকে হত্যাকাণ্ডের ভিডিও, পুলিশ খুঁজছে খুনিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের অস্ত্রধারী এক ব্যক্তিকে ধরতে পরোয়ানা জারি করেছে পুলিশ। ওই ব্যক্তি এক বৃদ্ধকে গুলি করে তা ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছেন। পুলিশ আজ সোমবার ওই পরোয়ানা জারির কথা জানায়।

ওহাইও সিটি কর্তৃপক্ষ বলছে, স্টিভ স্টিভেনস (৩৭) নামের এক সন্দেহভাজন ৭৪ বছর বয়সী রবার্ট গডউইন সিনিয়রকে গতকাল রোববার ঠান্ডা মাথায় গুলি করেন। এ ঘটনা ফেসবুক লাইভে সম্প্রচারও করে তিনি। শুধু এটি নয়, এ ধরনের ঘটনা আরও ঘটিয়েছেন বলে দাবি করেছেন স্টিভেনস। তবে তাঁর দাবি এখনো যাচাই করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, ‘এ ঘটনার সন্দেহভাজন একজন সশস্ত্র ব্যক্তি। সে বিপজ্জনক। তাকে দেখামাত্র ৯১১-এ কল দিন। তার কাছাকাছি যাবেন না।’

পুলিশের ধারণা, ইতিমধ্যে ওহাইও ছেড়ে সটকে পড়েছেন স্টিভেনস। তাই অন্যান্য অঙ্গরাজ্যকেও সতর্ক করা হয়েছে।

স্টিভ স্টিভেনসকে খুঁজে বের করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা বলেছে পুলিশ। মেয়র ফ্রাঙ্ক জনসন বলেছেন, পুলিশ তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে। তাঁর সঙ্গে যোগাযোগ করতে চান তাঁরা। তাঁকে বলতে চান যে তাঁকে শনাক্ত করা গেছে এবং শেষ পর্যন্ত ধরা দিতেই হবে। তাঁর আর পালানোর জায়গা নেই। তথ্যসূত্র: এএফপি।