ফেসবুকের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে এক পরিপত্রে এই মামলা করার কথা জানায়।
মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মীদের বঞ্চিত করে বাইরে থেকে কর্মী নিয়োগের মাধ্যমে বৈষম্য করেছে ফেসবুক। কর্ম ভিসার মাধ্যমে ২ হাজার ৬০০ অভিবাসীকে আমেরিকায় কাজের জন্য নিয়ে আসার মাধ্যমে স্থানীয় কর্মীদের বঞ্চিত করেছে ফেসবুক।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকার স্থানীয় কর্মীদের নিয়োগ দেয়নি ফেসবুক। নিয়োগের জন্য বিবেচনা পর্যন্ত করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ভাষ্য, গত দুই বছরের তদন্তের মাধ্যমে এ ধরনের ২ হাজার ৬০০ অভিবাসী কর্মীর সন্ধান তারা পেয়েছে, যাঁদের আমেরিকা থেকেই ফেসবুক নিয়োগ দিতে পারত। কিন্তু কর্ম ভিসার মাধ্যমে এই কর্মীদের বাইরে থেকে নিয়ে আসার পর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এবং কর্মীদের আমেরিকার গ্রিন কার্ড পর্যন্ত পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
২০১৬ সালের নির্বাচনে জিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর 'আমেরিকা প্রথম' নীতি গ্রহণ করেন। কর্ম ভিসা বা এইচ-১ ভিসা নিয়েও তিনি কড়াকড়ি আরোপ করেন। এসব কড়াকড়ির মধ্যেও প্রযুক্তি কোম্পানিগুলো বিপুলসংখ্যক কর্মী আমেরিকার বাইরে থেকে স্পন্সর করে নিয়ে আসার প্রয়াস নেয়।
কোম্পানিগুলোর বাইরে থেকে কর্মী গ্রহণকে বেশি পছন্দ করার একাধিক কারণ রয়েছে। যেমন বাইরে পর্যাপ্ত যোগ্য কর্মী পাওয়া যায়। ভিন্ন জনমিশ্রণের এসব কর্মীদের কাছ থেকে বেশি কাজ আদায় করা যায়। মজুরিও কম দিতে হয়।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল এরিখ ড্রাইব্যান্ড জানিয়েছেন, তদন্তে দেখা গেছে, ফেসবুক আমেরিকার শ্রমবাজার থেকে কর্মী নিয়োগ না করে পদ খালি রেখেছে। অস্থায়ী পদ হিসেবে চিহ্নিত করে পরে বাইরে থেকে স্পন্সর করে লোক নিয়ে আসা হয়েছে। অস্থায়ী কর্মী ভিসায় আসা এসব লোকজন পরে কর্ম ভিসা বর্ধিত করেছেন বলে তদন্তে দেখা গেছে। এসব করার মধ্য দিয়ে ফেসবুক আইনের গুরুতর লঙ্ঘন করেছে বলে সহকারী আটর্নি জেনারেল বলেছেন।
এই মামলার বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
ট্রাম্প সামাজিক যোগাযোগের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর এমনিতেই ভীষণ ক্ষিপ্ত। এসব কোম্পানির ওপর আরও নিয়ন্ত্রণ আরোপ করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন।
নির্বাচনে হেরে যাওয়ার পর পরাজয় না মেনে ট্রাম্প ফেসবুক বা টুইটারে যেসব অমূলক অভিযোগ করছেন, তা শর্তহীনভাবে প্রচার করছে না তারা। ট্রাম্পের পোস্টের সঙ্গে তারা নিজেদের মন্তব্য বা সঠিক তথ্যের নির্দেশনা জুড়ে দিচ্ছে, যা ট্রাম্প মোটেই পছন্দ করছেন না।