ফৈয়াজ আলী ছিলেন আওয়ামী লীগের নিঃস্বার্থ সংগঠক

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফৈয়াজ আলী ছিলেন একজন নিঃস্বার্থ সংগঠক। তাঁর মতো নেতারা ছিলেন বলেই প্রবাসে আওয়ামী লীগ জনপ্রিয় হয়েছে। মানুষ আওয়ামী লীগে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত হয়েছে। ১৬ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় ফৈয়াজ আলীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন মরহুম ফৈয়াজ আলীর মেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান।
সভায় ফৈয়াজ আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বশারত আলী, মাহাবুব রহমান, সামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, মহিউদ্দিন দেওয়ান, উপদেষ্টা হাজি সফিকুল আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, খোর্শেদ খন্দকার, জহির আলী, আবদুল হামিদ প্রমুখ। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা ফৈয়াজ আলীর আত্মার শান্তি কামনা করে বলেন, এ ধরনের সাদা মনের মানুষ যেখানে থাকুন না কেন, শান্তিতে থাকবেন। ফৈয়াজ আলীর মতো নির্মোহ মানুষগুলো সারা জীবন বেঁচে থাকবেন কর্ম ও চেতনায়।