ফোবানা একত্রীকরণ প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) অনেক দিন ধরেই বিভক্ত। সুস্পষ্ট দুটি পক্ষ কয়েক বছর ধরে পৃথক সম্মেলনের আয়োজন করে সমালোচিতও হয়েছে। আবার বিভাজন ভুলে ঐক্যবদ্ধ ফোবানার ডাকও পুরোনো নয়। এবার অবশেষে এই পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া শুরু হলো। গত ২১ নভেম্বর দুই ফোবানার নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা ও আন্তরিকতার সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যয়ে ও ফোবানাকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় এই বিশেষ যৌথ সভা। সভাটি পরিচালনা করেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও ফোবানা স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান।

দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা বিভাজনের পর এই ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়। দুই পক্ষের নেতৃবৃন্দ বিভাজনের ইতি টেনে নতুন করে ঐক্য স্থাপনের উৎসাহ ও গভীর প্রত্যয় ব্যক্ত করেছেন।

ফোবানা ১৯৯৪ সালে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। পরে ১৯৯৭ সালে সবার সহযোগিতায় এই বিভক্ত ফোবানা একত্রিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত পরে ১৯৯৯ সালে তা আবার বিভক্ত হয়ে পড়ে। বিভক্তির এই জের চলে আসছে অনেক দিন ধরে। ফোবানার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ফোবানার পুনঃএকত্রীকরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আজ গভীরভাবে অনুধাবন করতে পেরেছেন।

সভায় দুই ফোবানার নেতৃবৃন্দ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সামাজিক কল্যাণ সাধনের জন্য ফোবানাকে ঐক্যবদ্ধ করতে একমত হন। একত্রীকরণ প্রক্রিয়া যথাসম্ভব দ্রুত সম্পন্নের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। পরে উভয় পক্ষের নেতৃবৃন্দ ঐক্যের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে ঘোষণা দেন, একটি সুন্দর ঐক্যের সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকবে। যেকোনো পরিস্থিতিতে কেউ কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না।

সভায় উপস্থিত ছিলেন ফোবানা স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী ইমাম সিকদার, কাজী সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি আতিকুর রহমান ইউসুফজাই, সদস্য ও সাবেক চেয়ারম্যান এজাজ আখতার, চেয়ারম্যান আবু জোবায়ের, আবু লিয়াকত হোসেন ও মাসুদুর রহমান খন্দকার, সদস্য ও সাবেক মেম্বার সেক্রেটারি গিয়াস আহমেদ, সদস্য ও সাবেক কনভেনর ইবরুল চৌধুরী, ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম, সাবেক চেয়ারম্যান ও একত্রীকরণ কমিটির কো-চেয়ারম্যান বেদারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও একত্রীকরণ কমিটির কো-চেয়ারম্যান রেহান রেজা, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি আহসান চৌধুরী, সদস্য ও সাবেক চেয়ারম্যান ডিউক খান, সদস্য ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সদস্য ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন এবং সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব মাহবুব রেজা। সভায় কারিগরি সহযোগিতায় ছিলেন যুগ্ম নির্বাহী সম্পাদক রফিক খান ও সাবেক সদস্যসচিব ফিরোজ আহমেদ।