ফোবানা কনভেনশন কমিটির দুই পক্ষ আইনি লড়াইয়ে

ফোবানা কনভেনশন কমিটির সদস্যরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
৩ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩৩তম ফোবানা কনভেনশনের একাংশের আহ্বায়ক শাহ নেওয়াজ।
এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, ‘আমরা ফোবানা কনভেনশন করছি লাগার্ডিয়া ম্যারিয়টে। দীর্ঘদিন ধরে এর প্রস্তুতিও চলছে। বর্তমানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে এসে ফোবানার আরেকটি অংশ নার্গিস আবিদ গংরা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা এর প্রতিবাদ জানাই। মূলত আমরা করছি ফোবানা কনভেনশন আর অপর পক্ষ ফোবানা। দুটি আলাদা নামে আলাদা জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আদালতেও আমরা একই বিষয় উপস্থাপন করব।’
এ ছাড়া বিভিন্ন মিডিয়াকে ফোবানা কনভেনশন কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান শাহ নেওয়াজ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান, ফিরোজ আলম, কাজী আযম, মাকসুদুল হক চৌধুরী, আলী ইমাম, মোর্শেদ আলম, মো. তাজুল ইসলাম ও আবু তালেব চান্দু প্রমুখ।