ফোবানা ঘিরে উৎসবের আমেজ আটলান্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবার সমাগত ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) এবারের সম্মেলনটি বসছে জর্জিয়ার রাজধানী আটলান্টায়। ফলে ফোবানা সম্মেলনকে সামনে রেখে আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতে সাজ সাজ রব পড়ে গেছে।
আটলান্টায় প্রায় ১০ হাজার বাংলাদেশির বাস। এবার এই শহরেই বসছে ৩২তম ফোবানা সম্মেলন। শহরের কেন্দ্রে ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনে এবার যোগ দেবেন অন্তত পাঁচ হাজার অতিথি। এর মধ্যে কয়েক হাজার অতিথি আসবেন অন্য অঙ্গরাজ্য থেকে। বহুল প্রতীক্ষিত এই উৎসবকে সফল করতে চাই নিশ্ছিদ্র আয়োজন। আর এ জন্যই আটলান্টার বাংলাদেশিদের মধ্যে বিশেষত তরুণ-যুবাদের এখন ঘুম নেই। কোমর বেঁধে কাজ করছেন তারা। লোকসমাগম, বৈচিত্র্য যেভাবেই হিসাব করা হোক না কেন, ফোবানা মানেই এক বিরাট আয়োজন। এই আয়োজনকে সফল করতে তাই দিনরাত চলছে সভা। উৎসব আয়োজনের পথের প্রতিবন্ধকতা দূর করতে উপায় সন্ধানের পাশেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া।
এবারের ফোবানা সম্মেলনের আহ্বায়ক জসীম উদ্দীন। আটলান্টা প্রবাসী এই বাংলাদেশি উদ্যোক্তা বিপুল উৎসাহে কাজ করে যাচ্ছেন। সম্মেলন আয়োজনের বিষয়ে তিনি বললেন, ‘আমরা চাই ফোবানা সম্মেলনের মধ্য দিয়ে লোকে বুঝুক বাংলাদেশ কতটা উন্নতি করছে। ফোবানার মূল লক্ষ্য শুধু উত্তর আমেরিকার বাংলাদেশিদের পরস্পরের কাছাকাছি আনাই নয়, বাংলাদেশ ও আমেরিকাকেও পরস্পরের কাছাকাছি নিয়ে আসা।’
উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গড়ে তোলা হয় ফোবানা। উদ্দেশ্য ছিল দল ও মতের পার্থক্য ঘুচিয়ে বছরে অন্তত একবারের জন্য হলেও উত্তর আমেরিকার সব বাংলাদেশিদের নিয়ে বর্ণাঢ্য উৎসব আয়োজন। শুরুতে ভালোই চললেও, কিছুদিন পরই গোল বাধল। অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে বাংলাদেশিদের চিরাচরিত চারিত্রিক সীমাবদ্ধতা মাথা চাড়া দিয়ে উঠল। কয়েক বছর যেতে না যেতেই কর্মকর্তাদের তীব্র অন্তর্দ্বন্দ্ব ও সাংগঠনিক সংকটের কারণে সম্মেলন আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা দেখা দেয়। শুরু হলো ফোবানা-পাল্টা ফোবানা সম্মেলন। সুখের কথা, সেই সব দিন এখন অতীত। বহু বছরের ঐকান্তিক চেষ্টার ফলে পাল্টাপাল্টি ফোবানা সম্মেলন এখন অতীত। যূথবদ্ধতা ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রেখেই এবারের সম্মেলন বসছে।
এ বছর সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে আসছেন বড় বড় শিল্পীরা। জেমস, ফাহমিদা নবী, কনক চাঁপা, হাবিবসহ আরও অনেক শিল্পী যোগ দেবেন বলেন আশা প্রকাশ করেছেন আয়োজকেরা। উৎসবে যোগ দিচ্ছেন টেলিভিশনের নন্দিত রন্ধনশিল্পী আলপনা হাবিব। সঙ্গে নিয়ে আসছেন তাঁর নতুন প্রকাশিত রান্না বিষয়ক বই, যেখানে থাকছে ২৫০টি রেসিপি। থাকছেন প্রথিতযশা বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। নিমন্ত্রণ পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে। আর আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও উৎসবে যোগ দেবেন বলে জানিয়েছেন সংগঠকেরা। এ ছাড়া আটলান্টা ও আমেরিকার নানান জায়গা থেকে আগত শিল্পীরা তো আছেনই। ফোবানাকে সামনে রেখে বুয়েট, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পরিকল্পনা করছেন পুনর্মিলনীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসছেন এই উপলক্ষে।
আয়োজকেরা বলছেন, এবারের আয়োজন অনেক গোছানো ও সমন্বিত হবে। সুদক্ষ পরিচালকের দল দিনরাত কাজ করে যাচ্ছেন, যেন অনুষ্ঠান সময় মতো হয়। বাংলাদেশ থেকে আসা তারকা শিল্পীদের পরিবেশনা দেখতে যেন আগত দর্শক ও অতিথিদের ভোররাত অবধি অপেক্ষা করতে না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
এবারের সম্মেলনে যোগ দিতে পারেন জর্জিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর কেসি কেগল। এরই মধ্যে নিজের ফেসবুক পোস্টে সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিষয়টিকে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন এবারের সম্মেলনের আহ্বায়ক জসীম উদ্দিন। তাঁর মতে, এভাবে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে একটি মেলবন্ধন গড়ে তোলা
সম্ভব, যার ভিত্তিভূমিতে দাঁড়িয়ে আমেরিকায় থাকা বাংলাদেশি তরুণেরা দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবে।
জসীম উদ্দিন বলেন, ‘আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় রাজনীতিবিদ খুব আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকেও ভালো সাড়া পাচ্ছি। আমরা বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এখানে অনেকের সঙ্গে আলাপ-পরিচয় হবে।’
ফোবানা সম্মেলন আয়োজন ও এর চরিত্র খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলা যায়, এর আবহটা একেবারে বাংলাদেশি। ঠিক যেন বাংলাদেশের কোনো বিয়েবাড়ির আবহ। না আজকের বিয়েবাড়ি নয়। ফোবানার আয়োজনের সঙ্গে মিল রয়েছে কয়েক দশক আগের বাঙালি বিয়েবাড়ির। সাধ্যের বাইরে সফল আয়োজন করার আকুতি, পারিবারিক আবহ, দূর মফস্বল থেকে ছুটে আসা আত্মীয়স্বজন এই সবই সেই বিয়েবাড়ির প্রধান বৈশিষ্ট্য, যেখানে প্রতিটি পর্যায়ে রয়েছে তীব্র উদ্দীপনা, উৎসাহ ও রোমাঞ্চ। এই সবের সঙ্গে অবধারিতভাবেই লেপ্টে থাকত অভিমান, ছেলেমানুষি রাগ ইত্যাদি। কিন্তু এই সব কিছুই করতে পারত না। সবটাই সামাল দিয়ে শেষ পর্যন্ত সফলভাবে উৎসব আয়োজন সম্পন্ন করে জয় হয় প্রজ্ঞা ও অভিজ্ঞতার। ফোবানা সম্মেলনও যেন তাই। আগের দিনে বিয়েবাড়ির মতোই কিছু লোকের ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রম এই সম্মেলনকে পরিণতি দেয়। এবারও নিশ্চয় তার ব্যতিক্রম হবে না— এটাই প্রত্যাশা।