ফোবানা নিয়ে অস্বচ্ছতা নিরসনে পাঁচ সদস্যের কমিটি
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা কনভেনশনের স্বচ্ছতা নিশ্চিত করাসহ নানা বিষয়ে খোঁজ খবর নেওয়া ও স্টিয়ারিং কমিটির সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ১৩ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ফোবানার ব্যানারে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—আতিকুর রহমান ইউসুফজাই, গিয়াস আহমেদ, মাসুদুর রহমান, আসেফ বারী ও খন্দকার ফরহাদ।
কমিটি গঠনের আগে আতিকুর রহমান ইউসুফজাইর সভাপতিত্বে সভায় কমিউনিটির বিভিন্ন স্তরে নেতৃত্বদানকারী ব্যক্তি ও ফোবানা সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা হলেন—আতিকুর রহমান ইসুফজাই, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মাসুদুর রহমান, আসেফ বারী, খন্দকার ফরহাদ, তারেক হাসান খান, আবদুল খালেক, শাহ শহীদুল, আহসান হাবীব, শ্যামল, কামাল পাশা, আনোয়ার হোসেন, ফাহাদ সোলায়মান, আবদুল বাতেন, পার্থ গুপ্ত, জয় প্রমুখ।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ফোবানা আজ দিনে দিনে ব্যক্তির হাতে কুক্ষিগত হচ্ছে। যে উদ্দেশ্যে ফোবানা প্রতিষ্ঠিত হয়েছিল তা থেকে সরে আসছেন নেতারা। এখন ফোবানার অনুষ্ঠানে বিষয়ভিত্তিক কোনো সেমিনারের দেখা মেলে না। তরুণ প্রজন্ম আকৃষ্ট হওয়ার মতো কোনো কর্মসূচি নেই। বাংলাদেশ এবং প্রবাসের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ফোবানা প্রতিষ্ঠিত হলেও এখন তা দেখা যাচ্ছে না।
বক্তারা বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত ৩৫তম ফোবানা নিয়ে নানা কথা হচ্ছে। প্রতিনিয়তই আয়োজকদের বিরুদ্ধে নানা তথ্য পাওয়া যাচ্ছে। যা ফোবানার ভবিষ্যতের জন্য অত্যন্ত বেদনাদায়ক বিষয় হবে। এক ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির এ ধরনের অপকর্মে ফোবানার ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কমিউনিটি তথা ফোবানা নিয়ে যারা ইতিবাচক ভাবেন তাঁরা সবাই। ফলে ফোবানার ঐতিহ্য এবং ভাবমূর্তি উজ্জ্বল করতে একটি কমিটি গঠনে সবাই সর্বসম্মত হলে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।