ফোবানা সম্মেলন আলাদাই হচ্ছে

গ্রীষ্মের চমৎকার সপ্তাহান্তটি নিউইয়র্ক থাকবে উৎসবমুখর। নিউইয়র্কের সুবিশাল নাসাও কলিসিয়ামে এবং লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে ৩০ আগস্ট থেকে বসছে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন। আমেরিকাসহ উত্তর আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের পদচারনায় মুখর হয়ে উঠবে নিউইয়র্ক নগরের এই দুই অনুষ্ঠানস্থল। আলাদা ভেন্যুতে জেগে উঠবে লাল–সবুজের বাংলাদেশ। অবশ্য উভয় পক্ষই নিজেদের মূল আয়োজক এবং ফোবানা সম্মেলনের মূল দাবিদার বলে দাবি করছে।
উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক মঞ্চে, এক ছাতার তলে ঐক্যবদ্ধ করে দেশীয় শিল্প-সংস্কৃতির চর্চা ও প্রসারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৩৩ বছর আগে আত্মপ্রকাশ ঘটেছিল ফোবানার। কিন্তু নের্তৃবৃন্দের মধ্যকার অনৈক্য, অদূরদর্শিতা, অসহিষ্ণুতা, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত রেষারেষিসহ নানা কারণে সংগঠনটি বিভক্ত হয়ে পড়ে। মাঝে ফোবানাকে ঐক্যবদ্ধ করার একাধিক উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাবে তা
ব্যর্থ হয়েছে। ফলে বিভক্তির মধ্যেই এগিয়ে চলা ফোবানা তার আগের জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছে। এবার প্রথমবারের মতন বাংলাদেশিদের কোন অনুষ্ঠান হচ্ছে নাসাউ কলিসিয়ামে। এক পক্ষ লং আইল্যান্ডের এই হোটেলে ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আরেক পক্ষ সম্মেলন করছেন লাগোর্ডিয়া ম্যারিয়টে। দুই পক্ষের তিন দিনব্যাপী আলাদা সম্মেলনে থাকছে জমজমাট অনুষ্ঠানমালা।
মিলিয়ন ডলারের বাজেট নিয়ে দুই পক্ষই সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সর্বশেষ সংবাদ সম্মেলনেও দুই পক্ষের আয়োজকেরা একে অপরের প্রতি একটি ফোবানা সম্মেলন করার আহ্বান জানান। সাধারণ প্রবাসীরা মনে করেন, দুই পক্ষের এই আহ্বান লোক দেখানো।
সংবাদ সম্মেলনে দুই পক্ষই তাদের চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন। হোটেল বুকিং, অতিথি নির্ধারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও টিকিট বিক্রি শেষ পর্যায়ে বলে দুই পক্ষ থেকে জানানো হয়। নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠেয় সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ। এই অংশের ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজক নাট্য সংগঠন ড্রামা সার্কল। অপর অংশের ফোবানা কনভেনশনের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি শাহ নেওয়াজ।
নাসাউ কলিসিয়ামে ৩৩তম ফোবানা সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘আমাদের সন্তান, আমাদের গর্ব।’ আয়োজকেরা জানান, ফোবানার ইতিহাসে এই প্রথম বড় একটি ভেন্যুতে ফোবানা সম্মেলন আয়োজন করা হচ্ছে। নাসাউ কাউন্টির মেয়র লরা কারেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকছেন নাসাউ কলিসিয়ামের এক্সিকিউটিভ ডিরেক্টর মার্থা ক্রিসেল ইএসকিউ। কনভেনশনে আটটি বিষয়ভিত্তিক সেমিনার, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টল প্রভৃতি থাকবে।
এই পক্ষের কনভেনশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী, বেবী নাজনীন, ফাতেমাতুজ জোহরা, রিজিয়া পারভিন, তপন চৌধুরী, শুভ্র দেব, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ছাড়াও তাজুল ইমাম, লিনা তাপসী, তনিমা হাদী, মিথুন জব্বার এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের শিল্পীরা অংশ নেবেন। এ ছাড়া থাকবে মাইলস-এর পরিবেশনা।
অন্যদিকে নিউইয়র্ক নগরের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে ফোবানা কনভেনশনের আয়োজক বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি ইনক। কনভেনশন কমিটির আহ্বায়ক ও ব্যবসায়ী মো. শাহ নেওয়াজ বলেন, ৩০ আগস্ট তিন দেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ফোবানা কনভেনশনের উদ্বোধন করা হবে। উত্তর আমেরিকায় ফোবানা মাথা উঁচু করে দাঁড়াবে। ম্যারিয়ট হোটেলের পুরো ক্যাম্পাসে ভেসে উঠবে লাল-সবুজের একটি ছোট্ট বাংলাদেশ।
আয়োজকেরা বলছেন, এই সম্মেলনে প্রধান অতিথি থাকছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য (ভিসি) ও বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ। এ ছাড়া বিশেষ অতিথি থাকছেন যথাক্রমে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং বিশিষ্ট লেখক ও গবেষক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের কন্যা শারমীন আহমেদ।
অনুষ্ঠানমালার মধ্যে থাকছে সেমিনার, কাব্য জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক চাঁপা ও এসআই টুটুল, জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও অংশ নেবেন শিল্পী সেলিম চৌধুরী, রানু নেওয়াজ, হৈমন্তী, স্বীকৃতি, পাপী মনা, মাহফুজা মম, খালিদ, লাবনী, খালিদ, সারেগামাপার শিল্পী সুপ্রতিপ, উপস্থাপক ইসমাইল খন্দকার প্রমুখ।
জানা গেছে, ফোবানা নাম নিয়ে ইতিমধ্যে মামলাও চলছে আদালতে। ফোবানা নাম ব্যবহার না করার জন্য শাহ নেওয়াজদের বিরুদ্ধে মামলা করেছিলেন নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিতব্য ফোবানা কর্তৃপক্ষ। মামলাটি দায়েরের পর থেকে দুই পক্ষই সম্মেলন নিজস্ব আঙ্গিকে করার জন্য তৎপর হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে রেষারেষি আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত বিভক্তির মধ্যেই ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ফোবানা যখন প্রতিষ্ঠিত হয়, তখন বাংলাভাষী সব মানুষের মধ্যে ঐক্যের কথা বলে শুরু হয়েছিল। বিগত সময়ে বেশ কয়েক বছর ঐক্যবদ্ধভাবে ফোবানার আয়োজন করা হয়েছিল। তবে বেশ কয়েক বছর ধরে আলাদা ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এবারের ফোবানা বেশ সরগরম ও উত্তেজনাপূর্ণ।
বিভক্তি প্রসঙ্গে লাগোর্ডিয়া ম্যারিয়টের সম্মেলনের আহ্বায়ক শাহ নেওয়াজ বলেন, ‘আমরা বিভক্তি চাই না। এখনো তারা চাইলে ঐক্যবদ্ধভাবে ফোবানা সম্মেলন করা সম্ভব।’ ফোবানা নাসাউ কলিসিয়ামের সম্মেলনের আহ্বায়ক নার্গিস আহমেদ বলেন, ‘আমরা তাদের অনেকবার ঐক্যের আহ্বান জানিয়েছি। তাদের কয়েকজন সদস্যর সঙ্গে বৈঠক করেছি। পরে আর তাদের মধ্যে কিছু সংগঠন আর না–বোঝা লোকের কারণে ঐক্য এগোয়নি।