ফোবানা সম্মেলনে অবিন্তাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিন্তা কবির
অবিন্তা কবির

ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরকে স্মরণ করা হলো ফোবানা সম্মেলনে। গত শুক্রবার মায়ামির হায়াত রিজেন্সি হোটেল বলরুমে ‘মানবতার জন্য ঐক্য’—এই স্লোগানের মধ্য দিয়ে ৩১তম ফোবানা সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
এই সময় উপস্থিত ছিলেন ৩১তম ফোবানা সম্মেলনের সভাপতি মোহাম্মদ এমরান, আহ্বায়ক এম রহমান জহির, সদস্যসচিব আরিফ আহমেদ আশরাফ, প্রধান সমন্বয়ক আতিকুর রহমান, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এবিএম গোলাম মোস্তফাসহ অন্যরা।
সম্মেলন উদ্বোধনের পরপরই মূলমঞ্চে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরকে স্মরণে প্রথমে ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। অবিন্তা কবিরের অসমাপ্ত স্বপ্নপূরণের লক্ষ্যে গঠিত ‘অবিন্তা কবির ফাউন্ডেশনের’ কার্যক্রম বর্ণনা করা হয়। অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘অবিন্তা নেই, কিন্তু এই ফাউন্ডেশনের নানা কাজের মধ্য দিয়ে তার উপস্থিতি থাকবে। অবিন্তা বিশ্বাস করত, বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে তার জন্ম। তরুণ বয়সেই অবিন্তা স্বপ্ন দেখেছিল শিক্ষা নিয়ে কাজ করতে, বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, নারীদের জন্য কাজ করতে।’

ফোবানা সম্মেলনে বক্তব্য রাখছেন অবিন্তার মা রুবা আহমেদ। ছবি: প্রথম আলো
ফোবানা সম্মেলনে বক্তব্য রাখছেন অবিন্তার মা রুবা আহমেদ। ছবি: প্রথম আলো

রুবা আহমেদ বলেন, অবিন্তার স্বপ্ন পূরণে কাজ করবে এই ফাউন্ডেশন। গত এক বছরে এই ফাউন্ডেশন সাতটি বিদ্যালয় স্থাপন করেছে, গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সাইবার সেন্টার ও আর্কাইভ করা হয়েছে। তিনি জানান, অবিন্তা কবির ফাউন্ডেশন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও প্রতিবেশী দেশের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, অবিন্তা তাঁর আত্মার সঙ্গী। অবিন্তাকে নিয়ে তিনি গর্বিত। এ সময় তিনি অবিন্তার সঙ্গে জঙ্গি হামলায় নিহত তাঁর বন্ধু ফারাজ আইয়াজ হোসেন ও তারিশি জৈনকে স্মরণ করেন।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির সাধারণ সভার মধ্য দিয়ে শনিবার সকাল ১১টায় ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী চলবে সভা-সমাবেশ, সেমিনার, সাহিত্য আলোচনা, আড্ডাসহ অনেক কিছুই থাকছে। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, তাহসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ আরও অনেকে সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন।