ফোবানা সম্মেলনের কর্মী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী লেবার ডে উইকেন্ডে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিত হবে ৩৩তম ফোবানা সম্মেলন। এবারের আয়োজক সংগঠন ড্রামা সার্কেল, নিউইয়র্ক। ‘আওয়ার চিলড্রেন, আওয়ার প্রাইড’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠেয় এ সম্মেলন সফল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনকে সুন্দর ও সার্থক করে তুলতে যে বিশাল কর্মী বাহিনী নিরলসভাবে কাজ করছে, সেসব সাব কমিটির কাছে সম্মেলন প্রস্তুতির বিস্তারিত তুলে ধরতে ২১ জুলাই ফোবানা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর উডসাইডের কুইন্স প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ফোবানা ২০১৯ এর হোস্ট কমিটি, বিভিন্ন সাব কমিটি ও বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকেরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, কানাডা ও আমেরিকার বিভিন্ন শহর থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদল ছাড়াও সম্মেলনে আসবে বিভিন্ন সংগঠন, থাকবেন মূলধারায় প্রতিনিধিত্ব করা বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরাও।

কর্মিসভায় সদস্যসচিব আবীর আলমগীর আসন্ন ফোবানা সম্মেলনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, নাসাউ কলিসিয়ামের মতো একটি বিশাল ভেন্যুতে এত বড় একটি অনুষ্ঠান আয়োজনে টিমওয়ার্ক সবচেয়ে বেশি জরুরি। একই সঙ্গে এই সম্মেলনকে সফল করতে কাজ করা বিশাল কর্মীবাহিনী, কমিটি ও সাবকমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

কর্মিসভায় সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জানানো হয়, সম্মেলনে বিষয়ভিত্তিক সেমিনারের পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা অংশ নেবেন। এবারের সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। এ ছাড়া ৮০টিরও বেশি সংগঠন অংশ নেবে সম্মেলনে। মূলমঞ্চে পারফরম করবে প্রায় ৩৫টি সাংস্কৃতিক সংগঠন। ঢাকা ও কলকাতা থেকে ৩০ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসবেন সম্মেলনে অংশ নিতে। এ ছাড়া শুধু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে প্রায় দেড় শ’র মতো শিল্পী ও কলাকুশলী।

সম্মেলনে আরও থাকছে উত্তর আমেরিকার হাইস্কুল গ্র্যাজুয়েটদের জন্য স্কলারশিপ, বিজনেস নেটওয়ার্কিং, লাঞ্চ ইভেন্ট, ‘নারীর ক্ষমতায়ন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার, থাকবে ‘কাব্য জলসা’, যেখানে অংশ নেবেন বাংলাদেশসহ উত্তর আমেরিকার প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা। এ ছাড়া সম্মেলনে আটটি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, বুয়েট অ্যালামনাই রিইউনিয়ন, ইউনিভার্সিটি অ্যালামনাই রিইউনিয়ন, ইয়ুথ কনফারেন্স, প্রাক্তন লিও রিইউনিয়ন, মিউজিক আইডল ও মিস ফোবানা কনটেস্ট। সম্মেলনের এক্সপো সেন্টারে থাকবে ৬০টিরও বেশি স্টল, থাকবে ফুড কোর্ট। এ ছাড়া এবারই প্রথম এক্সপো সেন্টারের মধ্যে থাকবে আরেকটি মুক্তমঞ্চ। বিজ্ঞপ্তি