ফোবানায় বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচেনা অজানা পরিবেশেই সংঘের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। পরিচিত পরিবেশে চেনা মানুষদের মাঝখানে অনেক সংকট মোকাবিলাই তুলনায় সহজ। অচেনা পরিবেশে ঠিক তার উল্টো। তখন ছোট ছোট সমস্যাও অনেক বড় হয়ে দাঁড়ায়। এ কারণেই প্রবাসীদের মধ্যে সংঘবদ্ধ থাকার প্রবণতা বেশি দেখা যায়।
নানা উপলক্ষ খুঁজে প্রবাসীরা সংঘবদ্ধ হন। জেলা, উপজেলা, রাজনীতি, পেশা, ধর্ম—এমন নানা বিষয়কে ভিত্তি ধরে সংগঠন গড়ে ওঠে। উত্তর আমেরিকায় থাকা বাংলাদেশিরাও এমন বহু সংগঠন গড়ে তুলেছেন। বিভিন্ন প্রয়োজনে পারস্পরিক সহযোগিতাই এসব সংগঠনের ভিত্তি। উত্তর আমেরিকাপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বৃহত্তর প্রয়োজনেও এসব সংগঠনকে কাজ করতে দেখা যায়। কিন্তু বড় পরিসরে সব অভিবাসী বাংলাদেশির হয়ে কাজ করার জন্য যে সামর্থ্য ও শক্তি প্রয়োজন, অনেক সময়ই তা থাকে না অনেক সংগঠনের। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বৃহত্তর অবদান রাখা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আর এ প্রেক্ষাপটেই প্রয়োজন হয়ে দাঁড়ায় সব সংগঠনের মিলনে একটি সংগঠন গড়ে তোলা, যার মূল ভিত্তিই হলো বৃহত্তর স্বার্থে ঐক্য। এ প্রয়োজন থেকেই জন্ম হয়েছিল ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)।
আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ১৯৮৭ সালে জন্ম হয়েছিল ফোবানার। উত্তর আমেরিকায় বাংলাদেশি সংগঠনগুলোকে এক ছাতাতলে নিয়ে আসতেই ঐক্যকে ভিত্তি ধরে এ সংগঠন গড়ে তোলা হয়েছিল। কিন্তু শুরুর সে ঐক্য এখন যেন শুধুই ইতিহাস। ১৯৯৪ সালে প্রথম বিভক্তির পর কিছুটা শুশ্রূষা হয়েছিল। কিন্তু তা আবার বিভক্ত হয়ে যায় ১৯৯৯ সালে। এরপর থেকে এ বিভক্তি চলছেই। উত্তর আমেরিকায় অভিবাসী বাংলাদেশিদের আশা ও স্বপ্নের প্রতীক এতটাই বিভক্ত যে তারা ২০১৯ সালে একই নগরে একই দিনে দুটি পৃথক সম্মেলনের ডাক দিয়েছে। দুপক্ষই নিজেদের ফোবানার মূল স্রোত বলে দাবি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) নামের আরেকটি সংগঠন। ফোবানাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সংগঠন অবশ্য চলতি বছর ফোবানার একটি অংশের সঙ্গে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। যদিও তারা আসন্ন ফোবানা সম্মেলনের আগেই নিজেদের একটি পৃথক সম্মেলন করবে বলে জানিয়েছে।
ফোবানার বিভক্তি, এবং এ থেকে জন্ম নেওয়া এনএবিসির মতো আরেকটি সংগঠন উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিকে শুধু নয়, বাংলাদেশকেও হতাশ করছে। কারণ, শুরু থেকেই ফোবানা বাংলাদেশিমাত্রই সবার কাছে বেশ গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করেছিল। ফোবানার সম্মেলনে বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি যোগ দিয়েছেন অতীতে। উত্তর আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন দাবি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরার কাজটিও বেশ দক্ষতার সঙ্গে পালন করেছে ফোবানা। কিন্তু সংগঠন হিসেবে এই জাঁকজমক ও গুরুত্ব এখন শুধুই অতীত। বিভক্তি সংগঠনটিকে মৃতপ্রায় করে তুলেছে।
নেতৃত্ব নিয়ে বিরোধই ফোবানার বিভক্তির মূলে। অথচ এটা কে না জানে যে সংগঠনের অস্তিত্ব না থাকলে পদও লীন হয়। ফোবানা হয়তো বিলীন হবে না। হয়তো টিকে থাকবে। এমন অবস্থা চললে আরও বিভক্তিও আসতে পারে। কিন্তু বিভক্ত ফোবানা শক্তিহীন হয়ে পড়বে অবধারিতভাবেই। এরই মধ্যে সংগঠনটি অনেকের কাছে আবেদন হারিয়েছে। এই অবস্থা চলতে থাকলে ফোবানা শুধু নামেই থাকবে, প্রভাব–প্রতিপত্তি হারিয়ে বিভাজিত ফোবানার সঙ্গে সঙ্গে গুরুত্ব হারাবেন এর নেতৃবৃন্দও, যাঁরা এখন পদ নিয়েই লড়াই করছেন। নিজেদের ও সংগঠনের মর্যাদা রক্ষায় বিভক্ত ফোবানার নেতৃবৃন্দ যত দ্রুত ঐক্যের পথে হাঁটবেন, ততই মঙ্গল।