ফ্যারিনার বিদায় মেনে নিলেন ডি ব্লাজিও
অবসরে যাচ্ছেন নিউইয়র্ক শহরের স্কুল আচার্য কারমেন ফ্যারিনা। সম্প্রতি তাঁর এই অবসরে চলে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন তাঁকে। কিন্তু সিটি হল-সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, কারমেন ফ্যারিনার এই অবসর গ্রহণ আদতে মেয়রকে তেমন কোনো কষ্ট দেয়নি। বরং তাঁর এই চলে যাওয়া ডি ব্লাজিওকে স্বস্তিই দিচ্ছে।
নিউইয়র্ক ডেইলির প্রতিবেদনে বলা হয়, ২১ ডিসেম্বর সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র ও স্কুল আচার্যের মধ্যে বেশ সৌহার্দ্যমূলক সম্পর্ক দেখেছে সবাই। কারমেন ফ্যারিনার অবসরের ঘোষণার পর মেয়রের দেওয়া বক্তব্যে বেশ দুঃখবোধেরই প্রকাশ ঘটেছে। একই সঙ্গে তিনি বিস্তর প্রশংসাও করেছেন এই স্কুল আচার্যের।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘কারমেন যা অর্জন করেছেন, তা নিয়ে আমি গর্বিত। তাঁর শুরু করা কাজকে আমি আরও বহুদূর নিয়ে যেতে চাই। শিক্ষা খাত এগিয়ে নিতে আমাদের হাতে এরই মধ্যে পূর্ণাঙ্গ পরিকল্পনাটি রয়েছে। এর সঙ্গে কেউ নতুন কিছু যুক্ত করতে পারলে আমি তাকেও স্বাগত জানাব। তবে আমি মনে করি, সম্ভাব্য সবকিছুই এখন আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।’
ডি ব্লাজিও ও কারমেন প্রায় দুই দশক ধরে শিক্ষা নিয়ে কাজ করছেন। এরই মধ্যে যৌথ উদ্যোগে নিউইয়র্কের শিক্ষা খাতে নতুন বেশ কিছু বিষয় যুক্ত করেছেন তাঁরা। এখন এই কাজটি ডি ব্লাজিওকে একাই করতে হবে। কারমেনের অনুপস্থিতিতে ২০১৯ সাল পর্যন্ত পাবলিক স্কুলের নিয়ন্ত্রণ ডি ব্লাজিওর হাতেই থাকবে। প্রকাশ্যে দুজনের মধ্যে বেশ উষ্ণ সম্পর্ক রয়েছে বলেই সবাই জানে। যদিও সংশ্লিষ্ট অনেকে ভিন্ন কথা বলছেন।
সিটি হল-সংশ্লিষ্টরা জানান, কারমেনের গণসংযোগ বিষয়ে অদক্ষতায় ডি ব্লাজিও বেশ বিরক্ত। তাঁর মতে, শিক্ষা ক্ষেত্রের বহু পরিকল্পনা কারমেন যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেননি। শিক্ষা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নিউইয়র্ক ডেইলিকে বলেন, ডি ব্লাজিওর মতে স্কুল কার্যক্রম বেশ ভালোভাবে চলছে। কিন্তু তারপরও নেতিবাচক প্রচার কেন চলছে, তা তাঁর বোধগম্য নয়।’
সিটি হল-সংশ্লিষ্টদের মতে, শিক্ষা বিভাগ ও সিটি হলের মধ্যে সম্পর্কের অবনমন কয়েক মাস ধরেই হচ্ছে। দুই অংশের মধ্যে আস্থার ঘাটতি ব্যাপক, অনেকটা ট্রাম্পের হোয়াইট হাউসের মতো।
কিন্তু এমন বক্তব্য অস্বীকার করেছেন সিটি হল মুখপাত্র অলিভিয়া ল্যাপিরোলেরি। তিনি বলেন, ‘এর চেয়ে অসত্য আর কিছুই হতে পারে না। পাবলিক স্কুল সিস্টেমকে সামনে এগিয়ে নিতে সিটি হল ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। যারা এমন কথা বলছে, তারা জানেই না, কী বলছে।’
এখন কারমেন ফ্যারিনাকে উত্তরসূরি হিসেবে নতুন আচার্য খুঁজবে নগর কর্তৃপক্ষ। এ বছরের স্কুল বর্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন কারমেন। এর পরপরই তাঁর স্থলাভিষিক্ত করতে নতুন কাউকে খুঁজতে শুরু করবে সিটি হল। এতে কয়েক মাস লাগতে পারে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডি ব্লাজিও। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। শুধু বলেছেন, পরবর্তী আচার্যের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বর্তমান ধারাকে অক্ষুণ্ন রাখা। এরপর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে শহরের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়া।