ফ্যাসিবাদের নির্যাতনেও অবিচল ছিলেন মাহবুবুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল হক
মাহবুবুল হক

সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী আর সমর্থকদের স্মৃতিচারণে যেন জীবন্ত হয়ে উঠেছিল অতীত যাওয়া সে সব ঘটনা। প্রায় ৫০ বছরের বেশি সময় যারা তাঁর চার পাশ ঘিরে দ্রোহের কাব্য রচনায় অংশ নিয়েছিলেন ১৯ নভেম্বর সন্ধ্যায় প্রিয় কমরেডের অন্তিম যাত্রার বেদনাবিধুর স্মৃতিচারণ করতে গিয়ে তাঁদের সমবেত কণ্ঠস্বর যেন বাঁধভাঙা জোয়ারের মতো অবাধ্য হয়ে উঠেছিল। হারিয়ে যাওয়া সোনালি অতীতের বিচিত্র ঘটনা প্রবাহের বর্ণনায় বারবার ঘুরে ফিরে আসেন আ ফ ম মাহবুবুল হক।
স্মরণ সভায় সতীর্থ হাসান আবুল কাসেম তুলে ধরেন স্বাধীনতার আগে পরের অমূল্য গৌরব গাঁথা। বলেন গণকন্ঠ পত্রিকার জন্মকালীন ইতিহাস। অনিবার্যভাবেই রায়হান ফেরদৌস মধু, আফতাব আহমেদ আর রেজাউল হক চৌধুরী মুসতাক চলে আসেন একেবারে সামনের কাতারে। আটলান্টিকের এপার থেকে সেই দরদি ভাইদের প্রতি জানান তাঁর অসীম শ্রদ্ধা। মোহাম্মদ ইলিয়াছ মিয়ার বর্ণনায় উঠে আসে মুক্তিযুদ্ধ আর অগ্রজ মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে প্রিয় দলের ভাঙনের ইতিকাব্য। বলেন ফ্যাসিবাদের অমানুষিক নির্যাতনেও বিন্দুমাত্র নতি স্বীকার না করে কীভাবে অবিচল থেকেছেন মাহবুবুল হক।
মুক্তিযুদ্ধকালে দেরাদুনের তান্দুয়া ক্যাম্পের প্রিয় প্রশিক্ষক মাহবুবুল হক সততা মেধা আর সাহসিকতা দিয়ে কীভাবে সহকর্মীদের উজ্জীবিত করতেন, সেই স্মৃতি আজও মনের
মনি কোঠায় গভীর যতনে ধারণ
করে রেখেছেন যুদ্ধদিনের সাথি গৌরাঙ্গ দেব।
সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দুজা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের ইতিপূর্বে উল্লেখিত সেদিনের ডাকসু নির্বাচন বিষয়ের মূল্যায়ন উল্লেখ করে বলেন, ‘আমি মনে করি, ডাকসু নির্বাচনে সেদিন বিপুল ভোটেই মাহবুবুল হকের প্যানেল মাহবুব-জহুর পরিষদই জয়ী হয়েছিল। তাঁকে নির্বাচিত ঘোষণা না করে যা করা হয়েছিল তা অন্যায় অমার্জনীয় অপরাধ। মাহবুবুল হকের ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে ছাত্রনেতা সাহবুদ্দিন আর আবদুল হালিম বক্তৃতা করেন।
রাজনৈতিক মূল্যায়ন করতে গিয়ে মাহবুবুল হকের সততা নিষ্ঠা আর একাগ্রতা নিয়ে কথা বলেন চাকসুর জি এস আজিমউদ্দিন। সাংবাদিক সওগাত আলী সাগর পেশাগত কারণে মাহবুবুল হকের সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করেন।
অরুণ দত্ত বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যালট বাক্স ছিনতাই করে কীভাবে মাহবুবুল হকের নিশ্চিত বিজয় নস্যাৎ করা হয়েছিল নিজ চোখে দেখা সেই বেদনা তুলে ধরেন। যুদ্ধকালীন আর যুদ্ধ-পরবর্তী নানা নিয়ম আর অনিয়মের আলোচনায় অংশ নেন সহকর্মী সফিউদ্দিন আহমেদ। সায়লা আহমেদ লোপা, নুর মোহাম্মদ কাজি, উদীচী সভাপতি আফসার সাইদ, চলচিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল মাহবুবুল হকের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মুকুল। সভা পরিচালনা করেন রেজা অনিরুদ্ধ। অনুষ্ঠান শেষে শুকতারা আনোয়ারের সৌজন্যে পরিবেশন করা হয় রাতের খাবার। জননেতা মাহবুবুল হক ৯ নভেম্বর কানাডায় মারা যান। পরিবারের ইচ্ছা অনুযায়ী সেখানেই তাঁকে সমাহিত করা হয়।