ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশনের ঈদ আয়োজনে সাকিব আল হাসান
ইউটিউবে তথ্য ও বিনোদনমূলক চ্যানেল ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশন ঈদের বাহারি অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে। ঈদের প্রথম দিনেই থাকছে বিশ্বকাপ ক্রিকেট পরবর্তী বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি বিশেষ সাক্ষাৎকার।
আমেরিকার ফ্লোরিডায় সম্প্রতি ধারণকৃত এই সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করতে না পারার সম্ভাব্য কারণ সম্পর্কে। এ ছাড়া কোচ, বিপিএল, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদসহ আরও নানা বিষয়ে কথা বলেছেন এই ক্রিকেট তারকা।
সাকিবের আজকে সাকিব হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের অবদান সম্পর্কে বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে সাকিব আবেগপ্রবণ হয়ে ওঠেন। নাজমুস সাকিবের সঞ্চালনায় এই বিশেষ সাক্ষাৎকারটি প্রচার হবে ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে ঈদের প্রথম দিন।
এ ছাড়া ঈদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনগুলোতে পর্যায়ক্রমে প্রচার করা হবে বহুল আলোচিত সাত রঙা চায়ের ওপর একটি প্রতিবেদন, কেকশেক নামের অনলাইন বেকারি প্ল্যাটফর্ম চালু করে সারা ফেলে দেওয়া দুই নারী উদ্যোক্তার ওপর একটি প্রতিবেদন এবং পপ গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদের ঈদ ভাবনা নিয়ে একটি সাক্ষাৎকার।
ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশনের চেয়ারম্যান নাজমুন আকিব বলেন, ‘আমরা শুরু থেকেই দর্শকদের জন্য শিক্ষা এবং বিনোদনমূলক কনটেন্ট তৈরির চেষ্টা করে যাচ্ছি। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এবারের ঈদে বেশ কিছু অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি। যেগুলো দর্শকের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে।’
ফ্রেন্ডস ভিডিও প্রোডাকশনের সব নতুন ভিডিও দেখা যাবে www.youtube.com/friendsvideoproduction2019 ওয়েবসাইটে।