ফ্লিনের বিষয়ে তদন্ত বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তৎকালীন প্রধান জেমস কোমিকে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে তদন্ত বন্ধ করতে বলেছিলেন। মার্কিন গণমাধ্যমে এই খবর বেরিয়েছে।
কোমির লেখা এক স্মারকে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তাঁর (কোমি) সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইকেল ফ্লিনের পদত্যাগের এক দিন পরই বৈঠকটি হয়।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকের পর কোমিকে ট্রাম্প বলেছিলেন, ‘আমি আশা করি, আপনি বিষয়টি ছেড়ে দেবেন।’
খবরে বলা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই এ-সংক্রান্ত স্মারক লিখেছিলেন কোমি। স্মারক অনুযায়ী, ফ্লিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে তদন্ত বন্ধ করতে কোমিকে বলেছিলেন ট্রাম্প।
তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এই খবরের সত্যতা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট কখনোই কোমিকে বা অন্য কাউকে ফ্লিনসহ কোনো তদন্ত বন্ধ করতে বলেননি।
ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে টেলিফোন আলাপে আইনবহির্ভূতভাবে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলে গত ফেব্রুয়ারিতে ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ছাড়তে বাধ্য হন।
আর এফবিআইকে ঠিকমতো নেতৃত্ব দিতে না পারার অভিযোগে কয়েক দিন আগেই সংস্থাটির প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প।
ট্রাম্পের বিরোধীদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপ ও ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের সম্ভাব্য যোগসাজশের ঘটনায় এফবিআইয়ের তদন্ত ধামাচাপা দিতেই কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প।