ফ্লোরিডার হামলাকারী মানসিক সমস্যাগ্রস্ত সাবেক সেনা

ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারী ইরাক যুদ্ধফেরত একজন সেনা। নাম ইস্তেবান সান্তিয়াগো। আলাস্কা ন্যাশনাল গার্ডের সাবেক এই সদস্য ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের হয়ে প্রায় এক বছর কাজ করেন। তিনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। গত বছরের আগস্টে তিনি চাকরিচ্যুত হন।
ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল বলেন, আলাস্কা থেকে মিনেসোটা হয়ে ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরে পৌঁছান সান্তিয়াগো। বিমানে ওঠার আগে নিজের কাছে অস্ত্র থাকার কথা জানিয়েছিলেন তিনি। অস্ত্র ও গুলি তখন আলাদা ক্যারিয়ারে রাখা হয়েছিল। ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হামলা চালান। খুব সম্ভবত তিনি হামলার আগে টয়লেটে গিয়ে অস্ত্র বের করে গুলি পুরেছিলেন।
গত শুক্রবার বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে আহত অবস্থায় বন্দুকধারীকে আটক করা হয়েছে।
এফবিআই ‘সন্ত্রাসবাদের’ সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না।
প্রত্যক্ষদর্শী মার্ক লি বলেন, বিমান থেকে নামার পর যাত্রীরা যখন ব্যাগ নিচ্ছিল তখন হামলা হয়। গুলি করার সময় শান্ত ও চুপ ছিলেন হামলাকারী। গুলি চলে এক মিনিটের কম সময়। এরপর হামলাকারী নিচে শুয়ে পড়েন এবং পুলিশ এসে তাঁকে ধরবে—সেই অপেক্ষা করতে থাকেন।
শেরিফ ইসরায়েল বলেন, সান্তিয়াগো একাই ছিলেন। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত আছে বলে এখনো জানা যায়নি। তিনি এখন পুলিশি হেফাজতে আছেন। কাল সোমবার তাঁকে আদালতে হাজির করার কথা।
একজন সামরিক কর্মকর্তার বরাতে যুক্তরাজ্যে গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ‘অসন্তোষজনক পারফরম্যান্সের’ কারণে ওই ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিছুদিন আগে সান্তিয়াগো আলাস্কার অ্যানক্রোজ শহরে গিয়ে এফবিআই এজেন্টদের বলেছিলেন, সরকার তাঁকে মানসিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাঁকে ইসলামিক স্টেটের (আইএস) ভিডিও দেখতে বাধ্য করেছে।
এফবিআইয়ের মায়ামি ফিল্ড অফিসার জর্জ পিরো বলেন, সান্তিয়াগোকে পুলিশ মানসিক সেবা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তিনি এফবিআই এজেন্টদের জানিয়েছিলেন, কাউকে আক্রমণ করার কোনো ইচ্ছা তাঁর নেই।