ফ্লোরিডায় হাসপাতালে ঢুকে গুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি হাসপাতালে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়েছে। এতে একজন বয়স্ক নারী রোগী ও হাসপাতালের এক কর্মী নিহত হন। আজ রোববার ভোরে টাইটাসভেল শহরের পেরিশ মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালের চারতলায় এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালটি অরল্যান্ডো থেকে ৪০ মাইল পূর্বে। স্থানীয় টেলিভিশন ডব্লিউএফটিভি জানায়, পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। তবে এর আগে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে রেখেছিল। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।
ব্রিভার্ড কাউন্টির আইনশৃঙ্খলাবিষয়ক কর্মকর্তা শেরিফ ওয়েন আইভে স্থানীয় সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের সঙ্গে বা হাসপাতালের সঙ্গে হামলাকারী ওই বন্দুকধারীর কোনো সম্পর্ক ছিল না।
টাইটাসভেল পুলিশ বিভাগ টুইটারে জানায়, এ হামলার উদ্দেশ্য জানা যায় যায়নি।
গত মাসে ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারী হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করে।