লিওনার্ড রসকো নিউটন একজন আফ্রিকান-আমেরিকান। চুরির অপরাধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেল খেটেছেন তিনি। অবশ্য ছয় বছর ধরে মুক্ত। কিন্তু তাঁর ভোটাধিকার নেই। গুরুতর অপরাধে একসময় দোষী সাব্যস্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়ে থাকা এই অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ মানুষের একজন তিনি।
এই বিপুলসংখ্যক মানুষ এমন এক অঙ্গরাজ্যের বাসিন্দা, যেখানকার মাত্র কয়েক শ ভোটের ব্যবধানও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে সম্পূর্ণ উল্টে দেওয়ার নজির রয়েছে। গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা ফ্লোরিডায় সেই ১৮৬৮ সাল থেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। যদিও নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার ব্যাপারে অনুকম্পা লাভের সুযোগ তাঁদের রয়েছে। তাঁদের প্রায় অধিকাংশ লোকই আফ্রিকান-আমেরিকান এবং ডেমোক্র্যাটদের একচেটিয়া সমর্থক। ফলে তাঁরা ভোট না দিতে পারা মানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর বড় ধরনের ক্ষতি।
অনুকম্পার সুযোগ থাকলেও এই ব্যক্তিদের ভোটাধিকার ফিরে পাওয়ার ব্যাপারে বিধিনিষেধের ওপর ২০১১ সাল থেকে কড়াকড়ি করে আসছেন ফ্লোরিডার রিপাবলিকান নেতারা। কড়াকড়িতে এ সময়ের মধ্যে ভোটাধিকার ফিরে পেয়েছেন মাত্র ২ হাজার ৩৩৯ জন সাবেক অপরাধী। সরকারের তথ্য অনুযায়ী, প্রায় দুই দশকের মধ্যে ভোটাধিকার ফিরে পাওয়ার বার্ষিক এই হার সর্বনিম্ন।
অথচ ২০১১ সালের আগের চার বছরে গভর্নর রিক স্কটের পূর্বসূরি ও মধ্যপন্থী রিপাবলিকান গভর্নর হিসেবে পরিচিত শার্লি ক্রিস্টের চালু করা সংস্কার কর্মসূচির আওতায় ভোটাধিকার ফিরে পেয়েছিলেন ১ লাখ ৫৫ হাজারের বেশি লোক। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্বে থাকা ক্রিস্ট সাবেক অপরাধীদের ভোটাধিকার ফিরে পাওয়ার প্রক্রিয়া অনেকটা সহজ করেছিলেন।
ভোটাধিকার না থাকায় আক্ষেপ করে লিওনার্ড রসকো বলছিলেন, ‘আমি যখন আমার সমাজে একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার চেষ্টা করেছি, তখন দেখি আমার কথার কোনো মূল্য নেই।’ তাঁর কথায় জেল থেকে বেরিয়ে আসার পর তিনি ভোটাধিকার ফিরে পাওয়ার আশা করছিলেন, কিন্তু ফ্লোরিডার নতুন প্রশাসন নিয়মকানুন পাল্টে ফেলার পর থেকে সে আশায় ভাটা পড়েছে। তিনি আরও বলেন, ‘আমার বয়স ৪৫, কিন্তু কখনো ভোট দিতে পারিনি।’
বিপুলসংখ্যক এসব মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার ক্ষেত্রে এই অস্বাভাবিক ধীর গতিতে আগামী ৮ নভেম্বরের নির্বাচনের আগ দিয়ে বর্ণবাদী আচরণের অভিযোগ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে ভোটাধিকার ফেরত পাওয়ার প্রক্রিয়াকে বিঘ্নিত করার।
ফ্লোরিডায় আরোপকৃত এই কড়াকড়ির অর্থ এটাই, জেলখাটার হার বেশি হওয়ায় বর্ণ বা জাতিগত সংখ্যালঘুদের ভোটাধিকার পাওয়া থেকে সামঞ্জস্যহীনভাবে বঞ্চিত করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে কৃষ্ণকায় ভোটারদের ঝোঁক ডেমোক্র্যাটদের দিকে।
ভোটাধিকার-বিষয়ক একজন বিশেষজ্ঞ ড্যারেল পলসন বলেন, ওই বিরাটসংখ্যক সাবেক অপরাধীর ভোটাধিকার ফেরত পাওয়ার বিরোধিতা রিপাবলিকানরা এ জন্যই করেন যে, তাঁরা এটার রাজনৈতিক প্রভাব নিয়ে শঙ্কিত। তাঁর মতে, এই লোকেরা ব্যাপক সংখ্যায় ভোটাধিকার পেয়ে গেলে ডেমোক্রেটিক পার্টির জন্য তা হবে বিশাল এক সুবিধারই নামান্তর। তিনি বলেন, একসময় অপরাধী ছিলেন কিন্তু এখন শান্তিকামী এমন লোকদের ভোটাধিকার থাকা দরকার।
যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই জেলখাটা এ রকম অপরাধীদের ভোটাধিকার না থাকলেও অনেকে সাজা ভোগ শেষে ভোটাধিকার ফেরত পেয়েছেন। যেমন গত জুলাই থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর এমন ৬৭ হাজার লোকের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেছেন।