ফ্লোরিডা বইমেলায় প্রবাসী লেখকদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় পছন্দের বই দেখছেন প্রবাসী পাঠকেরা
বইমেলায় পছন্দের বই দেখছেন প্রবাসী পাঠকেরা

সাউথ ফ্লোরিডার লেক ওয়ার্থের কালচারাল সেন্টারে দিনব্যাপী তৃতীয় ফ্লোরিডা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা চলে।

মেলায় বইয়ের স্টলের পাশাপাশি ছিল নানা ধরনের স্টল। এবার মোট চারটি বইয়ের স্টল ছিল। ঢাকার কোনো প্রকাশনী ফ্লোরিডা বইমেলায় না প্রসঙ্গে মেলার অন্যতম উদ্যোক্তা শিল্পী সামিরা আব্বাসী জানান, ভবিষ্যতে বইমেলায় তাদের অংশগ্রহণ থাকবে।

বই মেলার আরেকজন সংগঠক আনোয়ারুল খান জানান, সাউথ ফ্লোরিডায় প্রায় ১৬ থেকে ১৮ হাজার প্রবাসী আছেন। তাদের কথা চিন্তা করেই তিন বছর আগে বইমেলা শুরু করেছি। এবার সর্বোচ্চ সংখ্যক কবি সাহিত্যিক সাংবাদিক ও লেখকদের উপস্থিতি নিশ্চিত করেছি। আসলে নিউইয়র্কের বইমেলার সঙ্গে সমন্বয় করে মেলা করতে পারলে ঢাকার প্রকাশকেরা আসবেন। এবার প্রবাসী লেখকদের বই আলাদা করে উপস্থাপন করা হয়েছে।

বিকেল সাড়ে পাঁচটার পর জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। ছিল শিশুদের গান, নাচ, আলোচনা ও পুরস্কার বিতরণী। ছিল প্রবাসী কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর।

বইমেলায় প্রবাসী লেখকদের মধ্যে ছিলেন—সেজান মাহমুদ, সামিরা আব্বাসী, জুয়েল সাদত, সরকার হারুন, সুলতান সালাউদ্দিন, আফরোজা রহমান, জাহানারা খান, সোহেল সুলতান, আরমান সোবহান, রুকশানা শরিফা, নাজমুন নাহার, স্বপন মাঝি, জুনায়েদ আক্তার, সালমা রহমান, নাজমুস আকিব, জাহান রীমা প্রমুখ।

নিউইয়র্ক থেকে উপস্থিত ছিলেন সময় টিভির হাসানুজ্জামান সাকি ও এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী শোভন আনোয়ার।

ফ্লোরিডা বইমেলার বিশেষ অতিথি ছিলেন মেহের আফরোজ শাওন
ফ্লোরিডা বইমেলার বিশেষ অতিথি ছিলেন মেহের আফরোজ শাওন

বইমেলায় প্রধান অতিথি লেক ওয়ার্থ বিচের মেয়র পাম রিওলিও বক্তব্য রাখেন ও প্রক্লেমেশন প্রদান করেন। প্রক্লেমেশন গ্রহণ করেন ঢাকা ক্লাবের সভাপতি মিম খান। বিশেষ অতিথি নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছিলেন বইমেলার মধ্যমণি। লেখকদের আড্ডায় জীবনের নানা গল্প শোনান তিনি।

খাবারের দোকানে ছিল দেশীয় মুখরোচক খাবার। এ ছাড়া ছিল দেশীয় লোকজ আসবাবপত্রের স্টল।

সেজান মাহমুদ বলেন, ফ্লোরিডা বইমেলা, আমাদের জন্য বাড়তি পাওয়া। বই আমাদের জীবনের সঙ্গী। আমরা বই ছাড়া টিকে থাকতে পারব না। শিল্প-সাহিত্যের বিকাশের মাধ্যমেই বাংলাদেশিদের অবদান বিশ্বের কাছে পৌঁছাবে।

মুক্তিযোদ্ধা ও লেখক সুলতান সালাউদ্দিন বলেন, বই হলো অক্সিজেনের মতো। যে যত বেশি পড়বে সে তত বেশি বিকশিত হবে। লেখক ও ডেমোক্র্যাট লিডার জুনায়েদ আক্তার বলেন, আমাদের জীবনের সঙ্গে সাহিত্যকে মিশিয়ে দিতে পারলেই সব অশান্তি, হতাশা, না পাওয়ার বেদনা ভুলে থাকা যায়।

৮ মার্চ বিশ্ব নারী দিবস ছিল। তাই বইমেলায় সাউথ ফ্লোরিডার সব সংগঠনের নারী সংগঠকেরা উপস্থিত ছিলেন। নারীরা সবাই মঞ্চে গিয়ে নারীদের অধিকার ও অবদানের কথা তুলে ধরেন। মেহের আফরোজ শাওন বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার কথা বলেন।
ঢাকা ক্লাবের সদস্য দিপু খান ছিলেন পুরো বইমেলার নেপথ্যে। তিনি বলেন, সরকার যদি সুলভে বই আনতে সহযোগিতা করত, তাহলে আমাদের অনেক উপকার হতো।