ফ্লোরিডা বাংলা টিভির 'আনন্দ আয়োজন'

ফ্লোরিডা বাংলা টেলিভিশনের বর্ণাঢ্য ঈদ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফোর্ট লডারডেলের পম্পানো বিচের সিভিক সেন্টারে টেলিভিশনটির পক্ষ থেকে স্থানীয় দর্শকদের সরাসরি অংশগ্রহণে ‘আনন্দ আয়োজন’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কয়েকজনকে সম্মাননা জানানো হয়। মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের হাতে এফবি টিভি সম্মাননা তুলে দেন একরামুল ইসলাম ভূঁইয়া। আরও সম্মাননা দেওয়া হয় ঢাকা ক্লাবের সভাপতি মিম খান, ব্যবসায়ী রানা খান, নাঈম খান, মাইক শাহাদি এবং আরশাদ আলীকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক জুনায়েদ আক্তার, আগামী বছর ব্রওয়ার্ড কাউন্টি শেরিফ প্রার্থী সান্তিয়াগো ভাসপিস, এফবি টিভির সিইও টিটন মালিক ও পরিচালক আওলাদ হাওলাদার। এরপর দর্শকদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে ধারণ শুরু হয় ম্যাগাজিন অনুষ্ঠানটির। টেলিভিশনের এডিটর ইন চিফ শামীম আল আমিনের সঞ্চালনায় প্রথমেই মঞ্চে আসে স্থানীয় নৃত্য শিল্পীরা। এরপর ছিল সমাজের কিছু অসংগতির চিত্র তুলে ধরে নাঈম খান আর ডলারের একটি নাটিকা। দর্শকদের জন্য ছিল কয়েকটি জমজমাট পর্ব।
স্থানীয় জনপ্রিয় শিল্পী পাপ্পু আহমেদ, আশিক, মুনমুন, সুমন, বাবু আর শাওনের কণ্ঠে ছিল পুরোনো দিনের কয়েকটি গান। ফ্লোরিডার জাদুশিল্পী মার্টি মিলের পরিবেশনায় দর্শকেরা বিমোহিত হন। ছিল মুনমুন, তাজরি আর আরশির নাচ। মিস্টার বিনের একটি পর্বে নোয়াখালীর ভাষায় অনুবাদে রাশেদের পরিবেশনা সবাইকে আনন্দ দেয়। এ ছাড়া ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা জানিয়ে ‘বেশ বেশ বেশ...সাবাস বাংলাদেশ...’ গানটি। শিশুদের নিয়ে গানটি পরিবেশন করেন পাপ্পু আহমেদ। শিশুদের মধ্যে অংশ নেয় অপর্ণা আমিন, অর্ক, বর্ষসহ অনেকে। মঞ্চ সজ্জায় ছিলেন মিম খান।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সোমানা মালিক, আশরাফুন নাহার লিউজা, রুবি আওলাদ, আরিফুল হক, মোহাম্মদ খোরশেদ, সোনিয়া খান, হাসি করিম, ফুয়াদ জালাল, নিপা জালাল, মঞ্জু আমিন, মিথাড আহমেদ, শাওন, সুমন বিশ্বাস প্রমুখ। ঈদুল আজহায় অনুষ্ঠানটি ফ্লোরিডা বাংলা টেলিভিশনে সম্প্রচার করা হবে।