ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব টেলিফোনে কর্তৃপক্ষ লোকজনকে গুলির বিষয়ে সতর্ক করে। এ সময় ক্যাম্পাসের লোকজনকে আশপাশের ঘরবাড়িতে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দরজা-জানালার কাছাকাছি না থাকারও পরামর্শ দেওয়া হয়। তবে এ সতর্কবার্তার কারণ কী—এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তাই কে বা কারা এই গোলাগুলি করেছে, তা জানা যায়নি।

স্থানীয় টেলাহাসি মেমোরিয়াল হেলথ কেয়ার হাসপাতালের একজন নার্সিং সুপারভাইজার দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে গুলিবিদ্ধ দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না এবং তাঁদের অবস্থা কী—এ বিষয়ে তিনি কিছু জানাননি।