ফ্লোরিডার জনগণের পাশে আছি: বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন
ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় ১২ তলা একটি ভবনে ধসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি ফ্লোরিডার জনগণকে বলতে চাই, তাদের যা সাহায্য প্রয়োজন, সরকার তা দেবে। আমরা অপেক্ষায় আছি। সাহায্য চাইলেই আমরা সেখানে যাব।’ খবর বিবিসির।

বাইডেন বলেন তিনি অপেক্ষা করছেন ফ্লোরিডার গভর্নর ডিসান্টিস জরুরি অবস্থা ঘোষণা করবেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি এলাকার উত্তরে ১২ তলা একটি আবাসিক ভবন ধসে প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৯৯ জন। তবে ধসের সময়টায় ওই ভবনে কতজন ছিলেন, তা জানা যায়নি।

ধসের কারণ এখনো জানা যায়নি। ভবনধসে ১৩০ ইউনিটের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
লাতিন আমেরিকার বেশ কয়েকজন অভিবাসী ওই ভবনে থাকতেন। তাঁরা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কনস্যুলেটগুলো।

প্যারাগুয়ের কর্মকর্তারা জানান, দেশটির ফার্স্টলেডি সিলভানা এল পেজ মোরেইরার বোন, তাঁর স্বামী, তিন সন্তান ও গৃহকর্মী নিখোঁজ লোকজনের মধ্যে রয়েছেন।

ক্রেন দিয়ে বিধ্বস্ত ভবন থেকে উদ্ধারকাজ চলছে।
ছবি: রয়টার্স

উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, ভবনের ধ্বংসাবশেষ থেকে তাঁরা ৩৫ জনকে টেনে বের করেছেন। তাঁদের মধ্যে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের প্রধান রাইডে জাডাল্লাহ বলেন, উদ্ধারকাজ চালানোর সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ২০ মিনিটের মধ্যেই সেটি নিভে যায়। উদ্ধারকাজে ক্যামেরা ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়েছে। তবে প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে।

সার্ফসাইডের মেয়র চার্লস বুরকেট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনের পেছন দিকের অংশ পুরোপুরি ধসে গেছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখনো সেখানে আগুন জ্বলছে। উদ্ধারকাজ চলছে।