ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরমার প্রভাবে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে। ছবিটি শনিবার ফ্লোরিডার মায়ামি বিচ থেকে তোলা। ছবি: এএফপি
ইরমার প্রভাবে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে। ছবিটি শনিবার ফ্লোরিডার মায়ামি বিচ থেকে তোলা। ছবি: এএফপি

সেন্ট মার্টিন ও পুয়ের্তো রিকো হয়ে ঘূর্ণিঝড় ইরমা শুক্রবার কিউবার উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। এখন পর্যন্ত সেখানে হতাহতের ঘটনা সম্পর্কে জানা যায়নি বলে এএফপির খবরে জানানো হয়। ঘূর্ণিঝড়টি এখন আমেরিকার ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, যা কাল মার্কিন অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। 

এ ব্যাপারে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার গভীর রাতে কিউবার সিগো দে আভিলায় আঘাত হানে ইরমা। এ সময় ৫ মাত্রার ঝড়টির বাতাসের গতিবেগ মাপার জন্য স্থাপিত বিভিন্ন যন্ত্র চুরমার করে দেয়। কিউবার আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি আঘাতের সময় সাগরের ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ২৩ ফুট পর্যন্ত হয়েছিল। কয়েক দশকের মধ্যে কিউবায় আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। এরই মধ্যে ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি ও কিউবার ১২ লাখ মানুষ এ ঝড়ে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। হাইতিতে এই ঝড়ের প্রভাবে ২০ ফুট উচ্চতার ঢেউ এসে উপকূলে আঘাত হানে। দ্বীপ রাষ্ট্রটির প্রায় চার লাখ মানুষের সবাই উপদ্রুত বলে জানিয়েছে সিএনএনের আবহাওয়াবিদ চ্যাড মেয়ারস। ঝড়টির জন্য কিউবাজুড়ে সতর্কাবস্থা জারি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে, শনিবার সকালে ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার। ঝড়টি বর্তমানে আমেরিকার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আজ রাতে ঝড়টি ফ্লোরিডার উপকূলের কাছে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কাল সকাল নাগাদ এটি ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরমা মোকাবিলায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ফ্লোরিডার স্থানীয় প্রশাসন। প্রায় ৫৬ লাখ মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের বেশির ভাগ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় ঝড়টির কেন্দ্র ছিল মায়ামি থেকে ২৪৫ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলে।
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড় হারভের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ইরমার আঘাত। ৫ মাত্রার এ শক্তিশালী ঝড় গত বুধবার সকালে ক্যারিবীয় দ্বীপ বারবুডা পেরিয়েছে। পরে এটি সেন্ট মার্টিন ও অ্যাঙ্গুইলায় আঘাত হানে। এ সময় এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার। সর্বোচ্চ এ গতিবেগ ৩৭ ঘণ্টা ধরে অব্যাহত ছিল, যা এখন পর্যন্ত রেকর্ড। কিউবায় আঘাত হানার সময়ও এর শক্তি ৫ মাত্রারই ছিল। পরে শনিবার সকালের দিকে এর শক্তি কিছুটা কমে আসে। তবে ফ্লোরিডায় এটি ৪ মাত্রা নিয়েই আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।
তীব্রতা অনুযায়ী হারভের মাত্রা ছিল ৪। টেক্সাসে গত ১৩ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ ঝড় ও এর পরবর্তী বন্যায় প্রায় ৪০ জন নিহত হয়। দুই সপ্তাহ আগে আঘাত হানা ওই ঝড়ের প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি টেক্সাস। আর হারভের চেয়েও শক্তিশালী ইরমার প্রভাব এর শক্তিমত্তার জন্যই বেশি ভয়াবহ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরমার প্রভাবে এর মধ্যে ২৪ জন মারা গেছে। বারবুডা ও অ্যাঙ্গুইলায় একজন করে, সেইন্ট মার্টিনে দুজন, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও ইউএস ভার্জিন আইল্যান্ডে চারজন করে এবং পুয়ের্তো রিকোয় তিনজন নিহত হয়েছে। বারবুডার ৯৫ শতাংশ স্থাপনাই ইরমার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্যমান ১০০ মিলিয়ন ডলারের কম নয়। অন্যান্য অঞ্চলের ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার এক সতর্কবার্তায় বলা হয়েছে, ৫ মাত্রার যেকোনো ঝড়ই ভয়াবহ। তীব্র গতির বাতাসের পাশাপাশি এর ঘূর্ণির কেন্দ্রের প্রভাবে যেকোনো স্থাপনা গুঁড়িয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী এলাকাগুলো। ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক ব্রোক লং বলেন, ‘ইরমা ফ্লোরিডায় আঘাত হানবে কি না, এ প্রশ্নের কোনো সুযোগ এখন আর নেই। প্রশ্নটি হচ্ছে, এটি কত শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে এবং এ আঘাত কতটা ক্ষতির কারণ হবে।