ফ্লোরিডার পর্যটনকেন্দ্রে ছুটছে মানুষ
করোনা পরবর্তী গ্রীষ্মে নড়েচড়ে উঠছে পুরো যুক্তরাষ্ট্র। গত গ্রীষ্মে পুরো দেশ গৃহবন্দী ছিল। এবার করোনা সংক্রমণ কমে গেছে। দেশের নানা রাজ্যে সবকিছু খুলে দেওয়া হয়েছে। এ কারণে চলতি বছরের জুন- জুলাইতে পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার প্রতিযোগিতা চলছে।
ইতিমধ্যেই ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে ওয়ার্ল্ড থিম পার্কে পর্যটকদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ও সৈকতে হাজারে মানুষের ভিড়।
বিশ্বের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক ডিজনি ওয়ার্ল্ড এখন পুরোদমে স্বাভাবিক পর্যায়ে চলে গেছে। করোনা শুরুর পর গত বছর ডিজনি মাত্র ১০০ দিন বন্ধ ছিল। গত এক বছরে ধীরে ধীরে তা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। সারা বিশ্বের শিশুদের কাছে পরিচিত মিকি মাউস, মিনি মাউসের মূল শহর ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রের যেকোনো শহর থেকে অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ৩০ মিনিটে ড্রাইভে পৌঁছে যাওয়া যায় ডিজনি ওয়ার্ল্ডে।
ফ্লোরিডায় ভ্রমণ খুব ব্যয়বহুল নয়। এখানে হোটেল রুম না নিয়ে রিসোর্টে থাকা যায় ২০০ ডলার দিয়ে। এমন তিন বেডের রিসোর্টে দুটি পরিবার থাকা যায় অনায়াসে।
তবে এই সময়ে রেন্ট এ কারের দাম বেশি। চাইলে গাড়ি চালিয়ে আসা যায় নিউইয়র্ক থেকে। ১১৪৬ মাইল, ১৮ ঘণ্টার ড্রাইভ। মিশিগান থেকে ফ্লোরিডা ১১৭০ মাইল। উড়োজাহাজে আসা যায় ২০০ ডলার রাউন্ড ট্রিপ আড়াই ঘণ্টা সময়ে।
ফ্লোরিডায় খাওয়ার ব্যয়ও খুব একটা বেশি নয়। তবে মানসম্মত ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। আর থাকার জন্য জন্য কিসিমি ওল্ড টাউন, ওয়ান নাইনটি টু ওয়েস্ট ভালো। যারা একটু বেশি ব্যয় করতে ইচ্ছুক, তাঁরা ডিজনির ভেতর ২৪টি ডিজনি রিসোর্টের যেকোনো একটিতে থাকতে পারবেন। প্রতি রাত ৪০০ ডলার থেকে ২৫০০ ডলার। ডিজনি রিসোর্টগুলো অনেকটা পার্কের মতো।
ডিজনিতে চারটি পার্ক রয়েছে। দুটি ওয়াটার পার্ক। পার্কগুলোতে প্রতিদিনের জন্য প্রবেশ ফি ১১৬ ডলার। প্রথম প্রথম মনে হবে অনেক বেশি মূল্য, তবে মূল্যের চেয়ে বেশি আনন্দ পাওয়ার উপাদান দিয়ে সাজানো হয়েছে বিশ্বের সেরা বিনোদনের ডিজনি ওয়ার্ল্ড।
বিশ্বের সবচেয়ে সুখী নগরী ফ্লোরিডার অরল্যান্ডো সেন্ট্রাল ফ্লোরিডা নামে সুপরিচিত। প্রতি বছর ৭২ মিলিয়ন পর্যটক এই শহরে ভ্রমণ করেন। শহরে ৪৮৬ হোটেলে ১ লাখ ২৭ হাজার ৮০৯ রুম আছে। আর জিজনি ওয়ার্ল্ডে ২৪টি রিসোর্টে ৩০ হাজার রুম আছে। প্রায় এক লাখ পর্যটক ডিজনির ভেতরে থাকেন।
২৭ হাজার একর জায়গাজুড়ে ডিজনি। সেখানের মাত্র ৯৫০ একর জায়গা ব্যবহৃত হয়েছে। ১৯৭১ সাল থেকেই ডিজনি ওয়ার্ল্ড পৃথিবীর সেরা আকর্ষণ। এ বছর অক্টোবরে ডিজনি ৫০ বছর পূর্তি পালন করতে যাচ্ছে।
ম্যাজিক কিংডম, অ্যানিমেল কিংডম, হলিউড স্টুডিও, অ্যাপকট এই চারটি পার্কই ডিজনি ওয়ার্ল্ডে। সঙ্গে ব্লিজার্ড বিচ, টাইফুন লেগুন নামে দুটি ওয়াটার পার্ক। অরল্যান্ডোতে ডিজনি ছাড়াও আছে ইউনিভার্সেল স্টুডিও, সি-ওয়ার্ল্ড ও কেনেডি স্পেস সেন্টার (নাসা)।
৪২ একর জায়গা নিয়ে ১৯৬৭ সালে নাসা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে স্পেস সেন্টারের। এটাই বিশ্বের সবচেয়ে সুপরিচিত নাসা স্পেস সেন্টার। প্রতি বছর দেড় মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন এ জায়গাটিতে। ৫৭ ডলারের টিকিটে সারা দিন ঘুরে দেখার মতো একটি জায়গা। বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট এখান থেকেই যাত্রা করেছে।
অরল্যান্ডো শহর থেকে দেড় ঘণ্টা দূরত্বে নাসা। আছে ডেটোনা ৫০০ নামে পরিচিত কার রেস ট্র্যাক। ডেটোনা বিচ ছাড়াও পুরো ফ্লোরিডায় আছে ৫০টি বিচ। এই শহরকে বিচের রাজধানী বলা যায়।
এ ছাড়াও এই শহরে আছে লেগোল্যান্ড, কিসিমিতে আছে গ্যাটরল্যান্ড। কুমিরের পার্কে হাজারো কুমির আপনাকে খেলা দেখাবে। ফ্লোরিডা থেকে আড়াই ঘণ্টা ড্রাইভ করলে আছে সেন্ট আগাস্টিন শহর, যেটা যুক্তরাষ্ট্রের প্রথম সিটি। ১৫০০ শতাব্দীর শহর। এখানেই যুক্তরাষ্ট্রের গোড়াপত্তন। সেখানেই দেশের প্রথম স্কুল ও প্রথম জেল। স্প্যানিশরা ব্রিটিশদের তাড়িয়ে সেন্ট আগাস্টিন দখল করে। তাই পুরো ফ্লোরিডায় স্প্যানিশদের আধিপত্য আজও বিরাজমান।
কীভাবে আসবেন, কী দেখবেন বা ডিজনির নানা প্যাকেজের জন্য আছে flyoncall.com। ফ্লোরিডা গরমের শহর, শীত বা স্নো বলতে কিছু নেই। ৯০ থেকে ১০৫ তাপমাত্রা ভ্রমণকে আনন্দদায়ক করে তুলবে।