ফ্লোরিডায় কারিগর প্রডাকশনের বর্ষবরণ উৎসব

বাংলা বর্ষবরণ উপলক্ষে সাউথ ফ্লোরিডার কারিগর প্রডাকশন রয়েল পাম বিচ পার্কে আয়োজন করেছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের আগে ১৪২৫ সালকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিশালাকার চারুকর্ম পুতুল, হাতি, কুমির, লক্ষ্মীপেঁচা ও ঘোড়াসহ বিচিত্র মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রা বাদ্যযন্ত্র আর নৃত্যে মুখরিত হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠান স্থল।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করে আবৃত্তিকার কেয়া রোজারিও বলেন, ‘বাঙালির সর্বজনীন এই প্রাণের উৎসবে যা কিছু অশুভ ও অমঙ্গলকর—তা আমরা বর্জন করি। সব কূপমণ্ডূকতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ শুধু ঢাকাতে নয় বাংলাদেশের আনাচে-কানাচে এমনকি বিদেশের মাটিতেও আমরা আয়োজন করছি এই মঙ্গল শোভাযাত্রার।’
পরে স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিশু-কিশোর শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করে মানহা, মুনিবা, রাইকা, রাইসা, লামিযা, তাহিয়া, জইতা, সাহিরা, অনিমেষ, সামারা, সুহাইরা, সারিনা, তাজরিয়ান, রাফি, রিফাত, অর্ক, এলমা, তামারা, মাটি, মন্টি, তাহিয়াত, নাতিফা, অনিমেষ, আরিক, আফ্রা, মাইশা ও নওরীন। নৃত্য পরিচালনায় ছিলেন দেবযানী ও পাভিত্রা।
অনুষ্ঠানে অংশ নেওয়া ফ্লোরিডার অন্য সাংস্কৃতিক সংগঠনগুলো হলো—একতার, ডায়না ড্যান্স, সোমা দাস ও তাঁর দল ও প্রকৃতির নূর।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ড. সুলতান সালাউদ্দীন, কেয়া রোজারিও, ড. রোকসানা অ্যানি, মাহবুবুর রহমান, ফ্লোরিডার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ফোবানা ২০১৮-এর চেয়ারম্যান আতিকুর রহমান।
সংগীত পরিবেশন করেন—সামীরা জাহাঙ্গীর, মোফাজ্জল হক রনী, অনীক দে, মাফিয়া রহমান, শিপলু রহমান, টিপু আলম ও দেবজ্যোতি সেন। মির্জা আউয়াল ও রোজিনা করিমের দ্বৈত কণ্ঠের গান দর্শকদের মাতিয়ে রাখে। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশন করা হয় যাত্রা। যাত্রায় অভিনয় করেন লাকি, এলমা, হৃদি, যাহিনা, শাইখ, রিপন, রিমা, অর্ণব ও তাসবিন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নন্দিনী ভৌমিক ও সামিয়া রহমান। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মীম ও শাইখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিগরের পরিচালক টিপু আলম, তাহমিদা আনিস রিমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক চিত্রা সুলতানা।