ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি ২৭তম এশিয়ান ফেয়ার স্থগিত

করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডি সান্টিস ৯ মার্চ এ জরুরি অবস্থা ঘোষণা করেন।
এ সম্পর্কিত ঘোষণায় ডি সান্টিস বলেন, ‘এই ঘোষণা রাষ্ট্রীয় তহবিল পেতে সাহায্য করবে, যা ফ্লোরিডাকে করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে সহায়তা করবে।
ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, অঙ্গরাজ্যটিতে করোনাভাইরাসে আক্রান্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজনের পরীক্ষা চলছে। এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে তিন শতাধিক ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে জন হপকিন্স হাসপাতাল।
এদিকে আগামী ১৪ ও ১৫ মার্চ ফ্লোরিডার নৈসর্গিক শহর ওয়েস্ট পাম বিচের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠেয় ২৭তম এশিয়ান খাদ্য মেলা ও সাংস্কৃতিক শো স্থগিত করা হয়েছে। এ সম্পর্কিত এক বার্তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এম রহমান জাহির বলেন, করোনাভাইরাসের কারণে পুরো ফ্লোরিডায় জরুরি অবস্থা জারির ফলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।