ফ্লোরিডায় দাঁতের চিকিৎসায় সবার ভরসা তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক কাশেমের সেমিনারে আগত অতিথিরা
চিকিৎসক কাশেমের সেমিনারে আগত অতিথিরা

বাংলা সাহিত্যের এক অনন্য অনুরাগী দন্ত চিকিৎসক ডা. মোহাম্মদ কাশেম আমেরিকায় আছেন ৩৯ বছর। ৬৭ বছর বয়স্ক ফ্লোরিডার শীর্ষ ইনপ্লান্ট সার্জন ডা. কাশেম শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের কাছে এক অনন্য ভরসার নাম। তিনি এ পর্যন্ত ৩৫ হাজার ডেঞ্চার করেছেন, ইনপ্লান্ট সার্জারি করেছেন পাঁচ শর বেশি। দাঁতের কঠিন ইনপ্লান্ট সার্জারিতে সেন্ট্রাল ফ্লোরিডায় তাঁর জুড়ি নেই। 

এত নামযশের পরও ৬৭ বছর বয়সে ডা. কাশেম প্রশিক্ষণের জন্য বিশ্বে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। কিছুদিন আগে ৬৬ বছর বয়সে তিনি অ্যানেসথিয়াসিস্ট হিসেবে পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ঢাকা ডেন্টাল কলেজ থেকে ১৯৭৪ সালে ডেন্টাল পরীক্ষায় পাস করেন। ফাইনাল পরীক্ষা পাসের আগেই তিনি ডেন্টাল ব্যবসায় জড়িয়ে পড়েন।
স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে দাঁতের চিকিৎসার নানা যন্ত্রপাতির সংকট ছিল। তৃতীয় বর্ষে থাকা অবস্থায় তিনি বাংলাদেশে দাঁতের চিকিৎসার যন্ত্রপাতি আমদানি শুরু করেন। দন্ত চিকিৎসক হয়ে তিনি পুরো মাত্রায় বাংলাদেশে দাঁতের চিকিৎসার যন্ত্রপাতির ব্যবসাকে আরও সম্প্রসারিত করেন। ৭৫, ৭৬ ও ৭৭ সালে তিনি দাঁতের চিকিৎসার খাতে নানা সমস্যা চিহ্নিত করে তার উত্তরণে ভূমিকা রাখেন। বাংলাদেশের ডেন্টাল ইকুইপমেন্ট ব্যবসা, ওষুধপত্রসহ ডেন্টাল কলেজগুলোর লজিসষ্টিক সাপোর্টের ভ্যাকুয়ামে তিনি নিবেদিত প্রাণ হিসেবে জড়িয়ে যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানিরা বাংলাদেশ থেকে চলে যাওয়ায় এক শ্রেণির কালোবাজারি ডেন্টাল কলেজগুলোতে দাঁতের চিকিৎসার যন্ত্রপাতি উচ্চমূল্যে বিক্রি করত যা শিক্ষার্থীদের জন্য ছিল অসহনীয়। গোপালগঞ্জের কৃতি সন্তান ডা. কাশেম ঠিক তখন বিদেশ থেকে দাঁতের চিকিৎসার যন্ত্রপাতি আমদানি করে বাজারের মূল্য স্থিতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করেন।
ডা. কাশেম ঢাকায় বেশ সুনামের সঙ্গে প্র্যাকটিস করছিলেন। ১৯৭৮ সালে তিনি অভিবাসী হয়ে আমেরিকায় চলে আসেন। প্রথমে তিনি নিউইয়র্কে ডেন্টাল ল্যাবরেটরিতে কাজ করে দুবছর পর ডেন্টিস্ট ডিগ্রি নিয়ে ফ্লোরিডায় প্র্যাকটিস শুরু করেন। ১৯৮১ সাল থেকে তিনি পুরোদমে লাইসেন্স নিয়ে ফ্লোরিডায় প্র্যাকটিস শুরু করেন। ১৯৮২ সালে তিনি সেন্ট্রাল ফ্লোরিডার ওকয়িতে নিজস্ব চেম্বার নিয়ে আমেরিকার ডেন্টিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯১ সাল থেকে তিনি ডিজনি ওয়ার্ল্ডের কর্মকর্তা-কর্মচারীদের রোগী হিসেবে পেয়ে যান, তারপর আর ডা. কাশেমকে পেছন ফিরে তাকাতে হয়নি। অরল্যান্ডোর আরেকজন ডেন্টিস্ট ডা. মুরাদ খান ঠাকুরও ডা. কাশেমের অনুপ্রেরণায় ফ্লোরিডায় ডেন্টিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেন। ডা. কাশেম ও ডা: মুরাদ খান দুজনেই গোপালগঞ্জের সন্তান, দুজনেই একসঙ্গে কলেজ ও ডেন্টাল কলেজে পড়াশোনা করে আবার একই শহরে প্র্যাকটিস শুরু করেন।

ডা. মোহাম্মদ কাশেম
ডা. মোহাম্মদ কাশেম

১৯৮৮-৮৯ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে আমেরিকার ১৫০ ঘণ্টার ইনপ্লান্ট সার্জন হিসেবে কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আরও বিভিন্ন দেশ থেকে ইনপ্লান্ট সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি নেন। নিউইয়র্ক থেকে তিনি ফ্লোরিডার ওকয়িতে চেম্বার নিয়ে ডেঞ্চার ও ইনপ্লান্ট প্র্যাকটিস শুরু করেন। বছর তিনেকের মধ্যে তিনি পুরো অরল্যান্ডোয় জনপ্রিয় হয়ে ওঠেন। আমেরিকায় ইনপ্লান্ট সার্জারি নতুন শুরু হয়েছে যাতে ডা. কাশেমসহ হাতে গোনা চিকিৎসকেরা সার্জন হিসেবে স্বীকৃত। ডা, কাশেম বলেন, ‘ইনপ্লান্ট সার্জন কি তখন ২১ বছর আগে তেমন কেউ জানত না। আজ ইনপ্নান্ট সার্জারি যেমন পরিচিতি লাভ করেছে তা তেমন ছিল না। সবাই ডেঞ্চার করতে পছন্দ করত, ৩৪ বছরে ৩৫ হাজার ডেঞ্চার করেছি।’
২০১৪ সালে জার্মানি থেকে অ্যাডভান্স গ্রাফটিং অ্যান্ড ট্রেনিং সফট টিস্যুর ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন বাংলাদেশি এই দন্ত চিকিৎসক। তিনি বলেন, আমেরিকানরা দাঁতকে খুব মূল্য দেয়। ছোট বেলা থেকে তারা দাঁতের যত্ন নেয়। তারপরও যাদের দাঁত নষ্ট হয়ে যায় তখন তারা নানা জায়গায় যায়। অনেক চিকিৎসকের কাছে নানাভাবে প্রতারিত হয়ে আমার কাছে আসে, আমি তাদের দাঁত ও মুখের হাসিকে ফিরিয়ে দিতে চেষ্টা করি। যদিও দাঁতের ইনপ্লান্ট বেশ ব্যয়বহুল। তবে আমেরিকানরা অর্থের কথা চিন্তা করে না। ভালোভাবে খাবার জন্য, সুন্দর হাসির জন্য তারা অনেক টাকা খরচ করে।
বাংলাদেশি এই ডেন্টিস্ট প্রতি মাসে সেমিনার করেন, দাঁতের কঠিন সমস্যায় যাঁরা ভুগছে, নানা জায়গায় গিয়ে সঠিক চিকিৎসা যারা পায়নি তারা সেমিনারে এসে পরামর্শ নিয়ে যায়। তিনি রোগীদের জন্য হুবহু দাঁত তৈরি করে দেন। রোগীরা যখন দাঁত পেয়ে হাসে তখন অনেক ভালো লাগে। ডা. কাশেম বলেন, ‘আমার নাম মোহাম্মদ ও আমি বাংলাদেশি—এই দুটো তাঁদের মনে দাগ কাটে। এ কাজটা আমি খুব উপভোগ করি।’
বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্ম নেওয়া ডা. কাশেম বঙ্গবন্ধুকে দেখেছেন খুব কাছ থেকে। তিনি বলেন, ‘আমাদের মফস্বল শহর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া অনেক বদলে গেছে। অনেকটা সোনায় মোড়ানো বলা যায়, বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক উন্নতি হয়েছে টুঙ্গিপাড়া। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক সরকারি হয়েছে। ছোট জেলা শহরটি আজ অনেক সৌন্দর্যে ভরপুর।’
মরহুম রশিদ ও নুরজাহান বেগমের পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে ডা. কাশেম সবার বড়। তাঁর এক বোন ও এক ভাই ডেন্টিস্ট। ডা. কাশেমের তিন ছেলে। ডা. কাশেম ২০১৬ সালে আমেরিকায় শীর্ষ দশ ডেন্টাল সার্জনের মধ্যে স্থান পেয়েছিলেন।
বাংলাদেশ অনেক এগিয়েছে বলে উল্লেখ করে ডা. কাশেম বলেন, গোপালগঞ্জের সঙ্গে সঙ্গে বাংলাদেশও অনেক বদলে গেছে। দন্ত চিকিৎসাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অনেক বেসরকারি ডেন্টাল কলেজ হয়েছে। নতুন প্রজন্ম ডেন্টাল সার্জন হিসেবে তাদের ক্যারিয়ার তৈরি করেছে যা আমাদের আশান্বিত করে তুলেছে। ডেন্টাল চিকিৎসায় সচেতনতা বাংলাদেশ অনেক ব্যাপক পরিসরে এগোচ্ছে।