ফ্লোরিডায় বন্দুক হামলার এক মাস, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুক হামলার ঘটনার এক মাস পার হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ওই ঘটনায় ১৭ জন নিহত হয়।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার ওই ঘটনার স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে গণবিক্ষোভে রাস্তায় নামে বিভিন্ন হাইস্কুলের ছাত্রছাত্রীসহ অন্য কর্মীরা।

বন্দুক আইন সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের। নিহত ১৭ জনের স্মরণে ১৭ মিনিটের জন্য ক্লাস বন্ধ রাখে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুল। এই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র নিকোলাস ক্রুজ ওই হামলা চালান। তাঁকে নিয়মশৃঙ্খলা ভাঙার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। ২০১২ সালের পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় ঘটা সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা এটি। এ ঘটনা দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছে। চলতি সপ্তাহে স্কুলে হামলা প্রতিরোধে একটি পরিকল্পনা দিয়েছে হোয়াইট হাউস। এর আগে বন্দুক হামলা ঠেকাতে স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে—এমন পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রায় তিন হাজার স্কুলের শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে ওয়াশিংটনে স্কুলের ছাত্রছাত্রীদের একটি বড় দল হোয়াইট হাউসের বাইরে জমায়েত হয়। তাদের হাতে ছিল ‘বন্দুক নয়, মানুষকে সুরক্ষা দিন’, ‘আর কখনো নয়’, ‘যথেষ্ট হয়েছে’ লেখা প্ল্যাকার্ড।

কিছু ছাত্রছাত্রী জড়ো হয় ক্যাপিটল হিলে। সেখানে তাদের উদ্দেশে বক্তব্য দেন সিনেট এবং হাউসের ডেমোক্রেটিক নেতা চাক শুমার ও ন্যান্সি পেলসি। ন্যান্সি পেলসি বলেন, ‘বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনাদের ধন্যবাদ।’ নিউইয়র্ক ও নিউজার্সির ছাত্রছাত্রীরা বন্দুক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামে। নিউইয়র্কের গভর্নর ম্যানহাটনের রাস্তায় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন। স্কুলের দৈনন্দিন নিয়ম ভঙ্গ করে ছাত্রছাত্রীদের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়টি সমর্থন করেনি কয়েকটি স্কুল।