ফ্লোরিডায় বাঙালির পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবে রাখা বাহারি পিঠা
উৎসবে রাখা বাহারি পিঠা

ওলো সই আয়রে তোরা আয়, পিঠা মেলায় যাই। নানারকম পিঠা খাইয়ে তোদের প্রাণ জুড়াই। মজার মজার পিঠা খেয়ে এমনই ছড়া আসে মনের মধ্যে! ফ্লোরিডার বার্নাট পার্কে নানা পদের আর স্বাদের পিঠা নিয়ে আয়োজিত পিঠা উৎসবে এমনই মজার মজার পিঠার স্বাদ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডার উদ্যোগে সম্প্রতি আয়োজিত দিনব্যাপী এই পিঠা উৎসবে নেমেছিল বাঙালির ঢল।
যে যার মতো করে আটা, ময়দা শষ্যজাত গুঁড়ো দিয়ে বানিয়ে এনেছেন বৈচিত্র্যময় সব পিঠা। পুলি, পাকন, শামুক, চিতই, বেনী, গোকুল, গোলাপ, বিবিখানা, ঝাল, চন্দ্রা, ভাপা ও চই পিঠে, পেঁয়াজি, তুলতুলে পাটিসাপটা, মুগ পাকনসহ আরও নানা পিঠার পসরা ছিল উৎসবে। উৎসবে ছিল পিঠা প্রতিযোগিতাও। পিঠায় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, স্মৃতিসৌধ,লাল টুক টুক পালকি, ফুলের ঝুরিসহ নানা নকশা তুলে আনেন প্রতিযোগীরা। দিন শেষে পিঠা বানিয়ে পুরস্কার নয়, পিঠাপ্রিয় বাঙালির আসল উদ্দেশ্য ছিল উৎসবে অংশগ্রহণ আর পিঠার স্বাদ নেওয়া। প্রতিযোগিতায় বিজয়ীদের করজোড়ে অভিনন্দন দেখেই সেটা বেশ বোঝা যাচ্ছিল।
বাংলাদেশের গ্রামাঞ্চলের নতুন ধানের ঘ্রাণ দূর দেশের এই শহরে নেই। আছে যা তা হলো ঐকান্তিক চেষ্টা। ঐতিহ্য ধরে রাখার আন্তরিক আয়োজন। কানে ভেসে আসা গানের সুরই বলে, আছি আমিও। ক্ষণে ক্ষণে কান ভেসে যায় গানে। ভাপা পিঠা রে, তোরে খাইতে গিয়া আহ আমার মুখটা জ্বইলা গেছে রে। এই জ্বলনেও যে সুখ আছে, তা আর বলতে হবে কি!