ফ্লোরিডায় মশাবাহিত ভাইরাসের প্রকোপ
মশা নামটি শুনলেই এখন মানুষ আঁতকে উঠছে। এশিয়াতে মশা আগে থেকেই একটি আতঙ্কের নাম। আমেরিকাও কিন্তু পিছিয়ে নেই। গত সপ্তাহে ফ্লোরিডার স্বাস্থ্য দপ্তর ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (ইইই) নামে পরিচিত একটি বিপজ্জনক মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হওয়ার সতর্কতা জারি করেছে।
অরেঞ্জ কাউন্টির ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি সেন্টিনেল মুরগির দেহে এ ভাইরের অস্তিত্ব পাওয়া গেছে। মশার মাধ্যমে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং মস্তিষ্কে সংক্রমণ ও ফোলাভাব ঘটায়। ওয়েস্ট নেইল ভাইরাস শনাক্তের জন্য আমেরিকায় সেন্টিনেল মুরগি নিয়মিত বিরতিতে পরীক্ষা করা হয়।
সম্প্রতি এই মুরগির দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ বলেছে, ‘মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়েছে।’ সিএনএন জানিয়েছে, প্রতি বছর আমেরিকার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির মতে, ইইই রোগ আক্রান্ত হলে প্রাণহানির আশঙ্কা থাকে। ইইই-তে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৩০ শতাংশই মারা যায়। আর যারা বেঁচে থাকে তাদের অনেকেরই নানা ধরনের স্নায়বিক সমস্যা থাকে।
ইইই মশার কামড়ের মাধ্যমে প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত একটি বিরল রোগ। এটি মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করে। সংক্রমিত মশা কামড়ানোর চার থেকে দশ দিন পর এ রোগের লক্ষণগুলো দৃষ্টিগ্রাহ্য হয়। লক্ষণের মধ্যে রয়েছে মাথাব্যথা, উচ্চ জ্বর, ঠান্ডা লাগা ও বমিভাব। এ ছাড়া খিঁচুনিসহ দৃষ্টি বিভ্রম পর্যন্ত হতে পারে।
আমেরিকায় ইইই মশাগুলো সাধারণত গ্রীষ্মপ্রবণ অঙ্গরাজ্যে বেশি দেখা যায়। তাপমাত্রা যত বৃদ্ধি পায়, ইইইবাহী মশার সংখ্যা বাড়তে থাকে। ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস ভাইরাস থেকে সংক্রমণ রোধের সবচেয়ে কার্যকর উপায় মশার কামড় প্রতিরোধ করা। সাধারণত সন্ধ্যা ও ভোরে ইইইবাহী মশা বেশি কামড় দেয়।