ফ্লয়েড হত্যার আসামি চাওভিন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ফ্লয়েডের ঘাঁড়ে হাঁটু দিয়ে চেপে ধরেছেন ডেরেক চাওভিন
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার আসামি শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিনকে জামিন দিয়েছেন আদালত।

হেনেপিন কাউন্টি রেকর্ড অনুযায়ী, ৭ অক্টোবর সকালে ডেরেক চাওভিনকে ১০ লাখ ডলার জরিমানাসহ শর্ত সাপেক্ষে মিনিয়াপোলিস ওক হাইটস কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।

জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় প্রথমে ডেরেক চাওভিনের বিরুদ্ধে তৃতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। পরে দেশজুড়ে নাগরিক আন্দোলনের মুখে তাঁকে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগের মুখোমুখি করা হয়। এই ঘটনার অন্য তিন আসামি থমাস লেন, টু থাও ও জে আলেকজান্ডার কেওংয়ের বিরুদ্ধেও হত্যাকাণ্ডে সহায়তা দেওয়ার অভিযোগে দ্বিতীয় ডিগ্রি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়। এই তিনজনের এক সঙ্গে ৭ লাখ ৫০ হাজার ডলার জরিমানা ধার্য করেছেন আদালত। ডেরেক চাওভিনসহ চার আসামিকেই আগামী ৮ মার্চ আদালতে হাজির হতে হবে।

৭ অক্টোবর সকালে ডেরেক চাওভিনকে ১০ লাখ ডলার জরিমানাসহ শর্ত সাপেক্ষে মিনিয়াপোলিস ওক হাইটস কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়
সাবেক পুলিশ অফিসার ডেরেক চাওভিন
ছবি: এএফপি

ডেরেক চাওভিন নিরাপত্তার জন্য মিনেসোটা বা সীমান্তবর্তী যেকোনো রাজ্যে থাকতে পারবেন। কারেকশন ডিপার্টমেন্ট চাওভিনের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালে বিচারক এই আদেশ দেন। তবে শর্ত দেওয়া হয়, চাওভিনকে অবশ্যই নতুন বাসস্থানের ঠিকানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এ ছাড়া তাঁকে একটি মুঠোফোন সব সময় কাছে রাখতে হবে। মিনেসোটার কারেকশন ডিপার্টমেন্টের যেকোনো ফোন কলের জবাব দিতে তিনি বাধ্য থাকবেন।

যুক্তরাষ্ট্রের দেয়ালে দেয়ালে পুলিশের নির্যাতনে মৃত্যু হওয়া জর্জ ফ্লয়েডের ছবি। পাশে তাঁর শেষ কথা ‘আই কান্ট ব্রিদ’
ছবি: সংগৃহীত

মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েডকে গত ২৫ মে গ্রেপ্তার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। আট মিনিটেরও বেশি সময় হাঁটু দিয়ে গলা চেপে রেখে শ্বাসরোধ করে সাবেক বাস্কেটবল খেলোয়াড় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয় বলে অভিযোগ আনা হয়। এ ঘটনায় ডেরেক চাওভিনসহ চার পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। ফ্লয়েড হত্যার ঘটনায় ২৬ মে থেকে শুরু হওয়া বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। কয়েক হাজার মানুষ এ আন্দোলনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছিল। ওয়াশিংটন ডিসিসহ ১৫টি অঙ্গরাজ্যে সেনাবাহিনীদেরও সক্রিয় করা হয়।

আরও পড়ুন