ফ্লয়েডের মৃত্যুর তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান তাঁর ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলোনিজ ফ্লয়েড। ছবি: রয়টার্স
ফিলোনিজ ফ্লয়েড। ছবি: রয়টার্স

বিভিন্ন সময় মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড। ফিলোনিজ ফ্লয়েড জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেন, পুরো বিশ্ব দেখেছে তাঁর ভাইকে কীভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ মানুষদের জীবন নিয়ে কিছু যায় আসে না।’ বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলোনিজ ফ্লয়েড ইউএন কর্মকর্তাদের প্রতি মার্কিন পুলিশ হেফাজতে আফ্রিকান-আমেরিকানদের মৃত্যুর তদন্তের পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরে আফ্রিকান দেশগুলোর আহ্বান করা এক আলোচনায় ভিডিও লিংকের মাধ্যমে কথা বললেন তিনি। তিনি বলেন, ‘ভিডিওতে আপনারা যেভাবে আমার ভাইকে নির্যাতিত ও খুন হতে দেখেছেন, সেটাই হলো যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সঙ্গে পুলিশের আচরণ। জাতিসংঘ-আপনারা যুক্তরাষ্ট্রে থাকা আপনাদের ভাইবোনদের রক্ষক। আপনাদের ভাই জর্জ ফ্লয়েডের জন্য ন্যায়বিচার পেতে আমাদের সাহায্য করার ক্ষমতা আপনাদের রয়েছে।’

ফিলোনিজ ফ্লয়েড ওই ভিডিও লিংকে আকুল হয়ে বলেন, ‘আমি আপনাদের তাঁকে সাহায্য করতে বলছি। আমি আপনাদের আমাকে সাহায্য করতে বলছি। আমি আপনাকে আমেরিকার কৃষ্ণাঙ্গদের সাহায্য করার জন্য বলছি।’ এ সময় তিনি ভাইয়ের মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে পুলিশি আচরণেরও নিন্দা করেন। তিনি বলেন, ‘মানুষ যখন আমার ভাইয়ের পক্ষে আওয়াজ তুলতে এবং প্রতিবাদ করার সাহস করেছিল, তখন তারা টিয়ারগ্যাস ছোড়ে, গাড়ি নিয়ে ছুটে যায়।’

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের এক আফ্রিকান-আমেরিকানকে গ্রেপ্তার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনায় ডেরেক চাওভিনসহ চার পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ফ্লয়েড হত্যায় উত্তাল হয় যুক্তরাষ্ট্র। ২৬ মে থেকে শুরু হয় বিক্ষোভ। কেবল যুক্তরাষ্ট্র নয় পৃথিবীর বিভিন্ন দেশ এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাশেলেটও ফ্লয়েডের মৃত্যুতে তীব্র সমালোচনা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘অবাঞ্ছিত বর্বরতা’ বলে অভিহিত করেছেন। চিলির সাবেক প্রেসিডেন্ট ব্যাশেলেট মনে করেন, দাসত্ব ও উপনিবেশবাদের বিরুদ্ধে সব দেশকে সরব হতে হবে।

বুধবার মার্কিন সিনেটে পুলিশি সংস্কারের জন্য একটি প্রস্তাব পেশ করে রিপাবলিকানরা। প্রস্তাবে ফ্লয়েডের ঘাড়ে যেভাবে হাঁটু দিয়ে চেপে আটকে রাখা হয়েছিল‌—এ ধরনের কৌশলগুলো নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। তবে পুরোপুরি নিষেধাজ্ঞার বিষয়ে কিছু বলেনি।

এর আগে মার্কিন পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজাতে গত ৮ জুন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। তাঁরা বলছেন, বিলটি আইনে পরিণত হলে তা অসদাচরণের ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন, গলা ও ঘাড় চেপে ধরা নিষিদ্ধ করা এবং বর্ণবাদ প্রতিহত করার পথ সুগম করবে।