বই নিয়ে কলহে ক্লিনটন দম্পতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন
বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটনের কিছুদিন আগে প্রকাশিত হোয়াট হ্যাপেন্ড বইটি নিয়ে দ্বন্দ্ব চলছে ক্লিনটন দম্পতির মধ্যে। এমনকি এ দ্বন্দ্ব এমন পর্যায়ে গেছে যে তাঁদের মধ্যে বাক্যালাপও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন ও কেনেডিকে নিয়ে একাধিক বইয়ের লেখক এডওয়ার্ড ক্লেইন। তবে তাঁর এ দাবিকে প্রত্যাখ্যান করেছেন বিল ও হিলারি ক্লিনটন দম্পতি।

আসছে ৩০ অক্টোবর এডওয়ার্ড ক্লেইনের নতুন বই অল আউট ওয়ার: দ্য প্লট টু ডেস্ট্রয় ট্রাম্প নামের আরেকটি বই প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে তাঁর এমন মন্তব্যকে পাদপ্রদীপের আলোয় আসার চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিলারি ক্লিনটনের বই হোয়াট হ্যাপেন্ড নিয়ে ক্লিনটন দম্পতির মধ্যে কলহ চলছে বলে দাবি করেছেন ক্লেইন। তাঁর দাবি, হিলারির বইটি এমনকি হয়তো ‘বেস্ট সেলার’ তালিকাতেও ঢুকে যেতে পারে। কিন্তু বিল ক্লিনটন তাঁর কপিটি এরই মধ্যে আবর্জনার স্তূপে নিক্ষেপ করেছেন। তিনি নির্বাচনে পরাজয়ের জন্য ষড়যন্ত্র তত্ত্বকে সামনে নিয়ে আসাকে ঠিক পছন্দ করতে পারেননি।
এদিকে ক্লিনটন পরিবারের এক ঘনিষ্ঠজন নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘প্রকাশকের কাছে পাঠানোর আগেই হিলারি তাঁর বইটি বিলকে পড়তে দিয়েছিলেন। সে সময় বিল বেশ কিছু স্থান পুনর্বিবেচনার জন্য লাল পেনসিল দিয়ে চিহ্নিত করেছিলেন। কিন্তু হিলারি সেসব পরামর্শ এমনকি পড়ে দেখতেও অস্বীকৃতি জানান। এতেই ভীষণ চটে যান বিল ক্লিনটন। হিলারিকে তিনি বলেন যে এ বই এভাবে প্রকাশ হলে হিলারিকে মানুষ রাগী ও সংশয়াচ্ছন্ন ব্যক্তি হিসেবে মনে করবে। আর একজন বিশ্বনেতার দৌড়ে থাকা ব্যক্তির পক্ষে এগুলো খুব একটা সদ্‌গুণ নয়। একই সঙ্গে বইয়ের নাম নিয়েও বিল ক্লিনটনের আপত্তি ছিল। সব মিলিয়ে বিল হিলারিকে বই প্রকাশের তারিখ পিছিয়ে দিয়ে তাঁর লেখা পুনর্বিবেচনার অনুরোধ করেন, যা প্রত্যাখ্যাত হয়। হিলারি সোজা জানিয়ে দেন যে বই লেখা শেষ, আর তা এভাবেই প্রকাশ হতে যাচ্ছে।’
ক্লেইন দাবি করেন, দুজনের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে বই নিয়ে হিলারির প্রচারাভিযানের সময়। হিলারি যেখানেই যাচ্ছেন, সেখানেই নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়া, তৎকালীন এফবিআইর প্রধান জেমস কোমি ও সেসব নারীদের দুষছেন, যাঁরা তাঁকে ভোট দেননি। এ নিয়ে বিল ও হিলারির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। কয়েক মাস ধরে দুজনের মধ্যে কথাও বন্ধ রয়েছে। তাঁরা নিজেদের আইনজীবী ও বন্ধুদের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছেন।
এমন দাবিকে উড়িয়ে দিয়ে হিলারির মুখপাত্র এডওয়ার্ড ক্লেইনকে ‘দুঃখজনক’ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। আর বিল ক্লিনটনের প্রতিনিধি তাঁকে ‘বিকারগ্রস্ত মিথ্যাবাদী’ বলে উল্লেখ করেছেন।