বই প্রকাশের একাল-সেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন লেখক বিখ্যাত একটি ইতিহাসভিত্তিক বই ছাপানোর কাজে শ্রীহট্ট থেকে সুদূর কলকাতা গেলেন। এখনকার মতো পেনড্রাইভে করে পাণ্ডুলিপি নেওয়ার কোনো সুযোগ ছিল না। পাণ্ডুলিপি প্রস্তুত করা বারবার সংশোধন করাসহ যাবতীয় কাজ করতে করতে প্রথমে খবর পেলেন স্ত্রী বিয়োগের। শোকে কাতর হয়ে বইয়ের কাজে আবার মনোনিবেশ করলেন। এরপর হঠাৎ করে এল চরম আরেকটি দুঃখের খবর। অত্যন্ত আদরের পুত্র কুসুমাঙ্গের অসময়ে দেহত্যাগ। সাড়ে সাত মাস বয়সে মা হারানো দেড় বছরের শিশু কুসুমাঙ্গ বাংলা ১৩১৭ সালের ২৭ কার্তিক মারা গেল। পুত্র হারানোর তীব্র বেদনা আর কষ্টকে সহনীয় করতে অনেক অধ্যবসায়ের ফল ‘শ্রীহট্টের ইতিবৃত্ত’ গ্রন্থখানার উৎসর্গে এক তীব্র অপরাধবোধের দংশনের ছায়ারূপ পাওয়া যায় নিচের কয়েকটি লাইনে।
উৎসর্গ ইতিবৃত্ত!
তোমার বুকে অতীতের শত কাহিনি অঙ্কিত
তুমি স্মৃতি–সস্ফুট বিশেষ!
আরও লিখেছিলেন—
মাতৃহীন পুত্র যাহাকে দিবানিশি বুকে রাখিতাম! (সংক্ষিপ্ত রূপ)
চিন্তা করতে থাকুন, কী পরিমাণ কষ্ট বুকের ভেতর রেখে নিজেকে বইটি প্রকাশে শতভাগ সম্পৃক্ত রাখলেন। বুকে পাথর বেঁধে নিজ হাতে লেখা অত্যন্ত জরুরি তথ্য সংবলিত ইতিহাস সমৃদ্ধ বইখানা প্রকাশ করলেন। পাঠকেরা অনেক দিন পরে প্রথমে বইয়ের গুরুত্ব অনুধাবন করলেন। পরে নিজ সম্প্রদায়ে সুশীল চরিত্র আর সত্যবাদিতাসহ আরও অনেক গুণাবলির জন্য নামের শেষে উপাধি পেলেন ‘তত্ত্বনিধি’।
এরপরও নিজেকে সন্তুষ্ট লেখক বলে যাননি। অথচ আজকাল কেউ কেউ আমার ৫০টি বই, আমার ১০০টি বই, কেউ কেউ আবার আমার মতো সবেধন একটি বই প্রকাশ করে রঙিন পুচ্ছ লাগিয়ে তাফালিং মারছেন। কেউ কেউ আবার দুটি বই লিখে পুরোনো সাহিত্যিকদের আসরে বসে ইঁদুর চোখে কথার ফুলঝুড়ি ফোটাতে ব্যস্ত। বেশি দিন নয়, আজ থেকে মাত্র ৫/৭ বছর আগে নিউইয়র্কের একজন কবিকে জিজ্ঞেস করলাম, সব কবিও সাহিত্যিকদের প্রচুর সংখ্যায় বই প্রকাশ হচ্ছে, আপনার বই কোথায়? ওনার উত্তর ছিল, আমি কখনো নিজের গাঁটের ডলার খরচ করে বই বের করব না। আমার কবিতা পাঠকদের কাছে গ্রহণযোগ্য হলে বা পাঠকপ্রিয় হওয়ার সম্ভাবনা থাকলে প্রকাশকেরা তাঁদের প্রতিষ্ঠানের সুনাম বা লাভের জন্য আমাকে খোঁজ করবেন। প্রকৃত লেখকদের তাই করা উচিত।
গাঁটের ডলার খরচ করে বই ও উপন্যাস সব প্রকাশ করে পয়সা ওঠানোর ধান্দায় বই হাতে হ্যাংলার মতো যার–তার কাছে ধরনা দেওয়ার চর্চা বন্ধ হোক। যদি জিজ্ঞেস করেন কেন? তা হলে খুলেই বলি, এ বছর একজন সাহিত্যমনস্ক ও মনোযোগী সংগঠক বই মেলা পরিদর্শনে এলেন। সঙ্গে কিছু চ্যালা–চামুণ্ডা হাত কচলাতে কচলাতে পিছু পিছু জি ভাই, জি ভাই করে চলছেন। এক দৈনিক পত্রিকা আয়োজিত বুক স্টলে এসে দাঁড়াতেই সব লেখক হুমড়ি খেয়ে পড়লেন ওনার দিকে। তিনি শুধু একবার মাত্র ক্ষীণ কণ্ঠে একজন নবীন লেখকের নাম নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা অমুক নামের একজনের লেখা প্রথম গল্পগ্রন্থ চলতি মেলায় কী এসেছে? সে বইটি কী আছে আপনাদের স্টলে? খুঁজে দেখা গেল সেই বইটি নেই। সঙ্গে সঙ্গে উপস্থিত সব নব্য লেখক পড়িমরি করে নিজ নিজ লেখা বই ওনার হাতে তুলে দিতে শুরু করলেন। সংখ্যায় ৭/৮টি বই তো হবেই।
অতিথি মৃদু হেসে জিজ্ঞেস করলেন, মোট কত দিতে হবে? আমার বলে দেওয়া সমপরিমাণ ডলার দিয়ে চলে গেলেন অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে। মজার কথা হলো, আমায় বলেছিলেন বইগুলো পরে সংগ্রহ করবেন।
কিন্তু দুঃখের বিষয় কী জানেন? আর কখনো আসেননি, খোঁজও নেননি। তার মানে উনি পাঠ করার জন্য বই কেনেননি। সাহিত্য জগতের এক অংশ বই মেলা পরিদর্শন করে কয়েকটি বই কিনে সবাইকে তিনি একজন সাহিত্য সমঝদার বলে জানানো ছিল মূল উদ্দেশ্য। এই হলো আজকালের পাঠকদের একাংশের চিত্র। দুঃখিত, আমি বোধকরি মূল প্রসঙ্গ থেকে সরে এসেছি। যা বলতে চেয়েছি, আড্ডায় জুতসই আসনে বসে যখন কেউ প্রকাশিত নানা বিষয়ক বইয়ের সংখ্যা বা পরিমাণ চিবিয়ে চিবিয়ে বলেন, তাদের কথা শুনে লেখক উপাধি পাওয়ার জন্য গার্বেজ লেখা (আমার ন্যায়) দিয়ে কোন প্রকাশক পয়সা বানানোর ধান্দায় বই বের করবেন না।
যদি মধ্য বয়সে পৌঁছাতে এখনো এক দশক হাতে থাকে, ভালো করে সত্যিকার বইপত্রের খবর জানেন এমন কারও পরামর্শে বেশি বেশি করে পড়ে জানার স্পৃহা বৃদ্ধি করুন। পড়ুন, পড়ুন এবং পড়ুন। তারপর যদি সত্যি কোনো সমৃদ্ধ লেখা লেখতে পারেন, তখন ভবিষ্যতে সাহিত্যের জগতে সবার স্মরণে থাকবেন। আমরা পারিনি। শেষ বেলায় আর কিছু হবেও না। তবে আগামীর প্রজন্মরা, আপনারা পারবেন। সর্বশেষে সেকালের এক মনীষী লেখকের আরেকটি বিস্ময়কর প্রতিভার কথা উল্লেখ না করে পারছি না। ১৮৬৫ সালে বর্তমানে করিমগঞ্জ জেলার জফরগড় পরগনার মৈনা নামের গ্রামীণ জীবন পরিবেশে জন্ম নেওয়া প্রবাদ পুরুষ ১৯৪০ সালে শ্রীহট্ট থেকে প্রকাশিত ‘বিবর্তন’–এর মাঘ সংখ্যায় মণি শীর্ষক সত্য ঘটনার অভিজ্ঞতা লিপিবদ্ধ করলেন নিখুঁতরূপে। সব সাল–তারিখসহ চরিত্র লেখা হলো শতভাগ শুদ্ধতার আশ্রয়ে। লেখকের বয়স তখন পঁচাত্তর। বিস্ময়কর ব্যাপার নয় কী? শুধু লেখক উপাধির লোভে বই প্রকাশ না করে, সিরিয়াস পাঠকের কাতারে নিজেকে আবিষ্কারে লক্ষ্যে নিজের ভাবনার ওপর আরও মেহনত করুন। সঙ্গে অন্যকে মেহনত করতে উৎসাহী করুন।
অনুরোধ: রচিত ও প্রকাশিত বই কাউকে তিনি যত বড় জ্ঞানী লেখক হোন না কেন, ফ্রি দেবেন না। আপনার বই পাঠের সময় ওনার কাছে নেই। তিনি নিজেকে আরও কীভাবে রবিঠাকুর ও নজরুল বানাবেন তার কৌশল বের করতে ভীষণ ব্যস্ত। তাই পারলে উপহার দেওয়া থেকে দূর থাকবেন, তবে ভক্ত মনে করে যদি কোনো বই উপহার পান, তা নেবেন সংগ্রহ বৃদ্ধির জন্য।