বই বিক্রির বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক খেটেখুটে বই লিখলেন। প্রকাশকের বাসায় মিষ্টি নিয়ে গেলেন, তাঁর মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতেও রাজি হয়ে গেলেন। অথবা দুজনে ভিন্ন লিঙ্গের হলে, তার সঙ্গে আপনি নিজেই বিয়েতে রাজি হয়ে গেলেন। ঝকমকে বই বেরোল। ভাবছেন, যে দেখবে সেই হাতে নেবে। কী অপূর্ব প্রচ্ছদ, কী কাব্যিক নাম, যেন জাদু দিয়ে মাখা, টেনে নিয়ে যায়।
তুলা রাশির জাতকদের মাটিতে রাখা হাত যেমন একটা বাটি টেনে নিয়ে যেতে পারে, তেমনি এটাও পারে। হাত গিয়ে পড়বে আপনার বইয়ে। আপনি ছেলে লেখক হলে হয়তো হাতটা নিয়েও ভাবছেন, না জানি কোনো বিদুষী, সুন্দরীর কোমল হাত! সেই হাত বইটা তুলে নিয়ে উল্টেপাল্টে দেখবে। যত দেখবে ততই চমৎকৃত হবে। পেছনে লেখক পরিচিতি পড়বে, পড়ে বলবে বাহ্। লেখকের ছবি দেখে আরও মুগ্ধ, এই না হলে সাহিত্যিক! সামনের ফ্ল্যাপে বইয়ের যে ক্লাইম্যাক্সের জায়গাটা দশ লাইনে অনেক কায়দা করে দেওয়া হয়েছে, সেটা পড়ে বলবে বাহ্। তারপর ভূমিকাটা তো পড়বেই, কত বড় নামীদামি লোক লিখে দিয়েছেন ভূমিকাটা! কত ভালো ভালো কথা সেখানে। সেটা পড়ে পাঠিকা (অথবা পাঠক) বলবে নাহ, এ বই না কিনেই পারা যায় না।

বই লেখা শেষ, ধরুন কবিতার বই। বন্ধুবান্ধব, পাড়া-পড়শি, অফিসের অধস্তন, সবাইকে দেখালেন। তারা রাগসংগীত শোনার পরে প্রশংসাসূচক শব্দের মতো শব্দ করে বলল, ওয়াহ। কেউ বলল হে কবি, আরও লিখুন, আমরা চাতকের মতো প্রতীক্ষায় আছি।
আর উপন্যাস লিখলে হয়তো বলল, এখনো যে ঘোর কাটছে না হে গল্পের জাদুকর!

বই বের হলো। ফেসবুকে বড় করে স্ট্যাটাস দিলেন। আপনার বন্ধুসংখ্যা ৪ হাজার ৯৯৯। অর্ধেক বন্ধু লাইক দিলেও আড়াই হাজার লাইক পড়ার কথা। তার অর্ধেক বইটা কিনলেও, শুধু ফেসবুকের কল্যাণে সোয়া এক হাজার বই বিক্রি হওয়ার কথা। কিন্তু লাইক পড়ল মাত্র দেড় শ, উনিশটা মন্তব্য। লাইকের আবার প্রকারভেদ আছে। ‘লাভ’ পেলেন ১৬টা, ওয়াও ৭টা। কোন বে-আক্কেল আবার দুঃখী মুখটাও মেরে দিয়েছে। মানুষ যে কী আজব! তবে ‘লাভ’গুলো ভালো করে দেখে নিলেন, পটেনশিয়াল কেউ থাকতেও পারে। এমন তো হতে পারে, আপনার পোস্টকে নয়, আসলে আপনাকেই লাভটা দিয়েছে!

তারপর নিজেই গেলেন দেশে এবং ওই দিন বিকেলেই সাহিত্যিক স্বয়ং বইমেলায়। পোশাক কেনাই ছিল। পাঞ্জাবি, ঘাড়ে আলোয়ান। সঙ্গে দুজন সহকারী। তিনটা কলম, একটা যদি কাজ না করে? আরেকটা তো হারিয়েও যেতে পারে?

পৌঁছানোর পর কোথায় একটা জমজমাট ব্যাপার হবে, উল্টো সব ঝামেলা শুরু হতে থাকল। প্রথম ঝামেলা, আজকে মেলায় লোক নাই। শেষ পাঁচ দিন ক্রেতা আসে, তার আগে আসে না। এত আগে এলেন কেন? এলেন যখন, পুরো মেলা থাকছেন না কেন? আজকে আবার বুধবার। বুধবার সন্ধ্যায় কেউ ঘর থেকে বের হয় না। বের যদি হয়ও, বইমেলায় কেউ আসে না। দ্বিতীয়ত, ধুলোর জ্বালায় অস্থির। আপনি যেই দেশে থাকেন, সেখানে ধুলা নাই। কিন্তু এই কথা বললে স্টলের কর্মচারীরা অবাক হয়ে তাকাচ্ছে। এমন লোকও আছে যে ধুলোর মতো সত্যকে অস্বীকার করে? এ আবার ঈশ্বরকে অস্বীকার করার পর্যায়ে কেউ নিয়ে যায় কি না, সেই ভয়ে আপনি টিস্যু পেপার নাকে চেপে ধরছেন, কিন্তু কোনো অভিযোগ আর করছেন না। তৃতীয় এবং সবচেয়ে প্রবল সমস্যাটা হলো, তাদের প্রকাশিত সব বই ঝকঝকে দেখা যাচ্ছে। প্রতিটাতেই পাঠকের হাত তুলা রাশির জাতকের মতো ছুটে চলে যাবে বলে মনে হচ্ছে। এমনকি অন্যগুলোর তুলনায় আপনারটা নিজের কাছেই একটু ম্লান লাগছে। কী সর্বনাশের কথা! বদগুলো আবার লেমিনেশান, অ্যাম্বুস ইত্যাদি করে বইকে একেবারে কোরবানির তাজা গরুর মতো সাজিয়ে রেখেছে!

দু-একজন মানুষ আসে, ফিসফাস করে জানতে চায় আপনি কোন লেখক। নাম শুনে চিনতে পারে না। তখন হয়তো নামের শেষে ডাকনাম দেওয়া আছে, আবার অপরিপক্ব ঘরানার কারও একটা বই বগলদাবা করে নিয়ে গেল। কেউ হয়তো আর কোনো বই দেখলই না, সটকে পড়ল। আজকাল এমন ধড়িবাজ ক্রেতা সব! উন্নতি হবে কি করে?

যা হোক, এসব ঝুট-ঝামেলা, চড়াই-উতরাই পেরিয়ে মেলা শেষ করার পর দেখলেন বই তেমন বিক্রি হয়নি। প্রকাশক কিছুতেই সংখ্যাটা বলছে না। অনেক চাপাচাপির পর বলল, ১৩ কপি। আপনার শ্বশুরবাড়ির লোক এসেছিল ৭ জন। ক্লাস ফ্রেন্ড ৪ জন। ১ জন প্রাক্তন প্রেমিকা, আরেকজন বর্তমান প্রেমিকা (গোপন) আসবে বলে বলেছিল। ১৩ তো তাহলে হয়েই গেল? আর কেউ কেনেনি? প্রকাশক বহুত বজ্জাত, নির্ঘাত কমিয়ে বলছে। কিন্তু তারপরও মন দমে যাচ্ছে, কমালেও কত আর কমাবে?

অবশ্য আপনি নিজে বিক্রি করলে ভালোই বিক্রি হয়। ঘটনার যে কোথায় গেরো তা বুঝতে পারছেন না। আবার পরিচিত কত ভাবি, কত ছেলে ছোকরার বই নাকি দেদার বিক্রি হচ্ছে। তাদের বইয়ের মানও তো ভালো না! ঘটনাটা কী?

প্রায় চার-পাঁচ হাজার কবি, লেখক এই সমস্যায় প্রতিবছর ভুগছেন। তাদের এই সমস্যার সমাধানে এখানে কিছু কার্যকর উপায় বাতলে দেওয়া হলো।

১. বইয়ের ভেতরে পুরস্কার ঢুকিয়ে রাখা। ভাগ্যবান যে সে পুরস্কার পাবে। ৫০০ টাকার নোট হতে পারে। অথবা ছোট্ট সোনার পাত, প্রতি ৫০টা বইয়ে একটাতে ঢুকিয়ে রাখা। ৫০০ টাকার নোট বা সোনার পাত দিলে অবশ্যই বাঁধাই থেকে বিক্রি পর্যন্ত, সর্বক্ষণ বইয়ের সঙ্গে থাকবেন। না হলে কেউ চুরি করে নিতে পারে।
২. বইয়ে কিছু দামি পারফিউম ব্যবহার করা। তার গন্ধে পাঠক আসবে। এ ক্ষেত্রে কোন ধরনের পাঠক আকর্ষণ করতে চান, সে অনুযায়ী বিশেষজ্ঞরা আপনাকে লাগসই পারফিউমের পরামর্শ দিতে পারে।
৩. সিনেমার নায়ক-নায়িকাদের দিয়ে বই বিক্রি করানো। তাঁদের দেখতেই ভিড় জমে যাবে, বইও বিক্রি হবে।
৪. প্রতিটি বইয়ের জন্যে ক্রেতাকে ভাংতি টাকার বদলে রিয়েল বা ইউরো দেওয়া। আপনি যদি বিদেশে থাকেন, কয়েক বান্ডিল রিয়েল নিয়ে যেতেই পারেন।
৫. বিবাহভিত্তিক বই বিক্রি। আপনি যদি অবিবাহিত অথবা ডিভোর্সি সুদর্শন নারী বা পুরুষ হন, অথবা সুদর্শন না হলেও বিত্তশালী হন, এই প্রক্রিয়ায় আপনি বই বিক্রি অনেক বাড়াতে পারেন। যেমন নয় হাজার নয় শ নিরানব্বই নম্বর বই যে কিনবে, তাকেই বিয়ে করবেন। এই ক্ষেত্রে আপনাকে সম লিঙ্গের বিয়ে করতেও প্রস্তুত থাকতে হবে। এতে একটা আশঙ্কা অবশ্য আছে, এমন হতে পারে যে এই ঘোষণা শোনার পরমুহূর্তেই সেই স্টল একেবারে ফাঁকা হয়ে গেল।
৬. চাকরিভিত্তিক বই বিক্রি। আপনি যদি অফিসের বড় হর্তাকর্তা হন, তাহলে চাকরির দরখাস্ত জমা নিতে পারেন। যে বই কিনবে তার দরখাস্ত জমা নেওয়া হবে। পরিশেষে এক-আধজনের চাকরি হলেও হতে পারে। অবশ্য এই ক্ষেত্রে, পাঞ্জাবির বদলে স্যুট-টাই, মহিলাদের অফিসের শাড়ি পরে যাওয়া বাঞ্ছনীয়। যেন ক্রেতা বুঝতে পারে আপনি বড় অফিসার।
৭. কালা জাহাঙ্গীরপ্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ক্রেতার মোবাইলে একটা উড়ো ফোন আসবে। ওদিক থেকে বলবে সে কালা জাহাঙ্গীর। ‘আমার ফেরেন্ডের বই বাইর হৈছে। ঐটা না কিন্যা যদি মেলার তন বাইর হস, তাইলে তরে আমি খাইছি।’
৮. সর্বশেষ প্রক্রিয়া হলো, পত্রিকায় সর্বাধিক বিক্রীত বইয়ের নাম প্রকাশের আগেই, টাইপিস্টকে টাকা দিয়ে, রাসেলের বইয়ের জায়গায় আপনার বইয়ের নাম ঢুকিয়ে দেওয়া।
কাজেই ভরসা হারবেন না। দুনিয়া সহজ জায়গা না। দিন দিন এটা আরও কঠিন হচ্ছে। এ জন্য কঠিন সব ওষুধও কবুল করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা না করে উপায় কি?

হার্নডন, ভার্জিনিয়া